চতুর্থ রাউন্ডে জোকোভিচ-সেরেনা
উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস। তৃতীয় রাউন্ডে পুরুষ ও মহিলা এককের দুই শীর্ষ বাছাই-ই জিতেছেন অতি সহজে, সরাসরি সেটে।
অস্ট্রেলিয়ান ওপেনের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন জোকোভিচ মাত্র ৮৬ মিনিটে ৬-৩, ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের জেরেমি চার্দিকে। এবারের উইম্বলডনে এখনো একটিও সেট হারেননি সার্ব তারকা।
তিন সপ্তাহ আগে ফ্রেঞ্চ ওপেন জিতে ইংল্যান্ডে পা রাখা সেরেনা জিতেছেন এক ঘণ্টায়; ৬-২, ৬-০ গেমে। মার্কিন তারকার প্রতিপক্ষ ছিল জাপানের ৪২ বছর বয়সী কিমিকো দাতে-ক্রুম। হেরে গেলেও টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ওঠার রেকর্ড এখন কিমিকোর অধিকারে।
পুরুষদের চতুর্থ বাছাই স্পেনের ডেভিড ফেরারকে অবশ্য অনেক ঘাম ঝরিয়ে জিততে হয়েছে। ইউক্রেনের আলেকজান্দর দলগোপোলভকে তিনি হারিয়েছেন পাঁচ সেটের ‘ম্যারাথন’ লড়াইয়ে। প্রায় সোয়া তিন ঘণ্টা দীর্ঘ খেলার ফলাফল ৬-৭ (৬/৮), ৭-৬ (৭/২), ২-৬, ৬-১, ৬-২।
এছাড়া পুরুষ এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচ এবং অষ্টম বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো। তবে হেরে গেছেন নবম বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকেত।
মহিলা এককে চতুর্থ বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ষষ্ঠ বাছাই চীনের লি না এবং অষ্টম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা জয় পেলেও বিদায় নিয়েছেন চতুর্দশ বাছাই অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার।
