২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন-ব্রাজিল শিরোপা ‘যুদ্ধ’

সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল দলের সঙ্গে ফুটবল-ইতিহাসের সফলতম দলের লড়াই। কনফেডারেশন্স কাপের ফাইনালকে ঘিরে তাই ফুটবল-ভক্তদের তুমুল আগ্রহ ও উত্তেজনা। রোববার (বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টা) রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে স্পেন-ব্রাজিলের ফাইনাল যেন ফুটবলের আড়ালে এক ‘যুদ্ধ’।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 09:15 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

গত পাঁচ বছরে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে স্পেন। প্রথম দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের অনন্য কীর্তি গড়া স্প্যানিশরা এখন অবিসংবাদিত সেরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান সেই সাক্ষ্যই দিচ্ছে।

অন্যদিকে গত বিশ্বকাপের পর থেকে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে-খেতে র‌্যাঙ্কিংয়ে ২২ নম্বরে নেমে যাওয়ার লজ্জায় পড়তে হয়েছে ব্রাজিলকে। তবে কনফেডারেশন্স কাপে তাদের অন্য চেহারা। টানা চার ম্যাচ জিতে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন হ্যাটট্রিক শিরোপার দোরগোড়ায়।

বিস্ময়করভাবে, ১৯৯৯ সালের পর এটাই ব্রাজিল-স্পেনের প্রথম লড়াই। গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় দু দলের সর্বশেষ লড়াই দীর্ঘ ২৭ বছর আগে, ১৯৮৬ বিশ্বকাপের প্রথম রাউন্ডে। মেক্সিকোতে যে ম্যাচে সক্রেটিসের লক্ষ্যভেদে ব্রাজিল জিতেছিল ১-০ গোলে।

এত দিন পর মুখোমুখি হওয়ার জন্যই বোধহয়, দু দলের প্রত্যেকেই কম-বেশি রোমাঞ্চিত, উত্তেজিত। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার তাদেরই একজন। তিনি বলেন, “এই ম্যাচটা প্রত্যেকেই দেখতে চাইছিল। পুরো বিশ্ব এর প্রতীক্ষায় ছিল আর প্রত্যেকেই ম্যাচটা দেখবে।” স্পেনকে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এনে দেয়া কোচ ভিসেন্তে দেল বস্কও উত্তেজনায় অধীর। তিনি বলেন, “আমাদের জন্য এটা একটা স্বপ্নের মতো ম্যাচ।” ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা অবশ্য আবেগ সরিয়ে রেখে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন। তিনি বলেন, “ওরা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন। ওদের প্রশংসা করতেই হবে। তবে ফাইনালে যে কোনো কিছুই হওয়া সম্ভব। এবং আমি নিশ্চিত, ফাইনালের জন্য ব্রাজিল সম্পূর্ণ প্রস্তুত।” অন্য সময় যেমনই হোক, বিশ্বকাপের ‘মহড়া’ প্রতিযোগিতা এলেই যে ব্রাজিল উজ্জীবিত এক দলে পরিণত হয়, এবারের কনফেডারেশন্স কাপে আরো একবার তা প্রমাণিত। অন্যদিকে স্পেনের ট্রফি ক্যাবিনেটে শুধু এই শিরোপাটাই নেই। দুই অনুপ্রাণিত, সাফল্য-সন্ধানী দলের লড়াইয়ের ভেন্যুও এক ‘ঐতিহাসিক’ স্টেডিয়াম, মারাকানা। ফুটবল-ভক্তদের কাছে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে!