২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুর স্টেডিয়াম লিজ পাচ্ছে না বাফুফে

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) লিজ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সম্প্রতি এনএসসির নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও মাস দুয়েক আগে আরেকটি সভায় কমলাপুর স্টেডিয়াম ২০ বছরের জন্য বাফুফেকে লিজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল এনএসসি।

ফিফা গোল প্রজেক্ট-৪-এর আওতায় বাফুফে এই স্টেডিয়ামে সিনথেটিক টার্ফ বসাতে আগ্রহী। কিন্তু এনএসসির সিদ্ধান্তে তারা বিপাকে পড়েছে। স্টেডিয়াম না পেলে ফিফা বাফুফেকে টার্ফ দেবে না।

বাফুফের সহ-সভাপতি ও উন্নয়ন বিষয়ক কমিটির সভাপতি বাদল রায় বলেন, “আমার উপস্থিতিতে এসএসসির দুই মাস আগের সভায় কমলাপুর স্টেডিয়াম বাফুফেকে ২০ বছরের জন্য লিজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু এখন সিদ্ধান্তটা কেন পাল্টে গেল তা আমরা বুঝতে পারছি না।”

“এনএসসির এই সিদ্ধান্ত ফুটবলের জন্য ভালো খবর নয়। এর ফলে বাফুফেতে ফিফার অর্থায়ন বন্ধ হয়ে যাবে।”