২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকারে জিতে ফাইনালে স্পেন

অধরা কনফেডারেশন্স কাপের শিরোপা জিততে আর একটি জয় চাই স্পেনের। নাটকীয়-রোমাঞ্চকর দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ইতালিকে ৭-৬ গোলে হারিয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা। নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়ে কোনো গোল হয়নি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Jun 2013, 05:19 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রোববার রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ফাইনালে স্পেন খেলবে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে।

ঠিক এক বছর আগে ‘ইউরো ২০১২’-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও ইতালি। ইউক্রেনের রাজধানী কিয়েভের সেই ফাইনাল ফুটবল-ইতিহাসের অন্যতম সফল দল ইতালিকে বহু দিন তাড়া করে বেড়াবে। পুরো টুর্নামেন্টে দারুণ খেলে ফাইনালে ওঠার পর স্পেনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।

তবে বৃহস্পতিবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফর্তালেজায় সহজে জিততে পারেনি ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। ফাইনালের আগে স্পেনের ডিফেন্ডার সার্জিও র‌্যামোস আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, “ইউরোপিয়ান কাপের ফাইনালের চেয়ে এই ম্যাচ আমাদের জন্য অনেক বেশি কঠিন হবে।” হয়েছেও ঠিক তাই। স্পেনের সঙ্গে সমান তালে লড়াই করেছে ‘আজ্জুরি’ নামে পরিচিত ইতালির ফুটবল দল।

কিক অফের পর স্পেন মুহুর্মুহু আক্রমণ করলেও কিছুক্ষণ পর নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে ওঠে ইতালি। বিরতি পর‌্যন্ত তাদেরই বেশি প্রাধান্য ছিল। দ্বিতীয়ার্ধে অবশ্য ছন্দে ফেরে স্পেন। অতিরিক্ত সময়েও ছিল তাদের আধিপত্য। তবে বেশ কয়েকটা সুযোগ পেলেও গোলের দেখা পায়নি।

অন্যদিকে চোটের কারণে দেশে ফিরে যাওয়া স্ট্রাইকার মারিও বালোতেল্লির অভাব ভালোই অনুভব করেছে ইতালি। বিশেষ করে প্রথমার্ধে। প্রথম ৪৫ মিনিটে অন্তত তিনটি সুযোগ নষ্ট করেছে তারা। সেরা সুযোগটি পেয়েছিলেন ক্রিস্টিয়ান মাজ্জিও। কিন্তু তার হেড সরাসরি চলে যায় স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের কাছে।

অতিরিক্ত সময়ে দু দলকেই হতাশ করে গোল পোস্ট। ইতালির ইমানুয়েলে জিয়াক্কেরিনি ও স্পেনের জাভির শট বারে লেগে ফিরে আসায় দু দলকে দাঁড়াতে হয় টাইব্রেকারের ‘লটারি’র সামনে। টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দু দলই ছিল শতভাগ সফল। ৫-৫ হয়ে যাওয়ায় ‘সাডেন ডেথ’-এর রোমাঞ্চ শুরু হয়। সেখানেও প্রথম শটে লক্ষ্যভেদ করেন ইতালির রিকার্দো মন্তোলিভো এবং স্পেনের সার্জিও বুস্কেটস। কিন্তু সব লড়াইয়েরই তো সমাপ্তি আছে। দলের হয়ে সপ্তম শট নিতে আসা ইতালির লিওনার্দো বোনুচ্চি স্নায়ুর চাপেই হয়তো বল মেরে দেন ক্রস বারের অনেক ওপর দিয়ে। অর্থাৎ এবার গোল করলেই স্পেনের জয়। জেসাস নাভাস বল জালে জড়িয়ে সতীর্থদের আলিঙ্গনে উচ্ছ্বাসে ভেসে যান। খেলা শেষে স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক ইতালির প্রশংসা করে বলেন, “ওরা ভালো খেলেছে, বিশেষ করে প্রথমার্ধে। তবে আমরা নিজেদের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছি। দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের সমস্যার সমাধান খুঁজে বের করায় খেলায় ভারসাম্য চলে আসে।” “অতিরিক্ত সময়ে আমরা তুলনামূলক ভালো খেলেছি, টাইব্রেকারে ভাগ্যের সহায়তাও পেয়েছি। তবে এটাই স্বাভাবিক। টাইব্রেকার তো মহড়া দেয়ার উপায় নেই। এই পরীক্ষায় শুধু বুকে সাহস এনে নেমে পড়তে হয়।” টাইব্রেকারের আগুনে পুড়তে হলেও ইউরো ফাইনালের চেয়ে অনেক ভালো খেলায় ইতালির কোচ সিজারে প্রানদেল্লি ভীষণ স্বস্তি পেয়েছেন। তিনি বলেন, “এই ম্যাচটা আমাদের জন্য কঠিন এক পরীক্ষা ছিল। ফলাফল যাই হোক, আমরা তাতে পাশ করেছি।” “স্পেন আমাদের চেয়ে এগিয়ে থাকা দল। বেশ কয়েক বছর ধরে ওরা নিজেদের পথ নির্মাণ করে চলেছে। তবে আমাদেরও নিজেদের পথ নির্মাণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার অবশ্য মনে হচ্ছে আমরা সঠিক পথেই আছি।”