২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে ফুটবল দলের প্রস্তুতি

আগামী সেপ্টেম্বরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সাফ ফুটবলের প্রস্তুতি শুক্রবার থেকে শুরু করছে জাতীয় দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 07:01 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

প্রাথমিক দলে থাকা ৩৫ জনকে বিকেল ৫টায় দলের ব্যবস্থাপক ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। শনিবার থেকে দুই স্থানীয় কোচ সৈয়দ গোলাম জিলানী ও মিলন মোল্লার অধীনে অনুশীলন শুরু হবে।

প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার ঢাকায় আসার পর পুরো দমে প্রস্তুতি শুরু হবে।

কোস্টার ১ জুলাই ঢাকায় আসবেন। তার সঙ্গে আসবেন ফিটনেস ট্রেনার মোহাম্মদ ইয়াম আলী। তবে ইয়াম আলীকে এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিয়োগ দেয়নি। ঢাকায় আসার পর জাতীয় দল কমিটি তার সঙ্গে কথা বলবেন। এরপরই তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

ডি ক্রুইফ এখনো তার আসার তারিখ নিশ্চিত করেননি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “কোস্টার আগে আসবেন বলে নিশ্চিত করেছেন। ডি ক্রুইফ কয়েক দিন পর আসবেন।”

প্রাথমিক দলে বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রবাসী ফুটবলারও আছেন। তাদের মধ্যে ডেনমার্ক থেকে জামাল ভূঁইয়া ২৯ জুন এবং অস্ট্রেলিয়া থেকে আনন্দ রহমান ৩০ জুন আসবেন। জার্মানি থেকে রিয়াসাত খাতন আসার তারিখ এখনো জানাননি।

ফুটবল দল প্রস্তুতি নেয়ার জন্য থাইল্যান্ডেও যাবে। ১০ জুলাই রওনা হওয়ার কথা থাকলেও বাফুফে তারিখটা ১০ দিন পিছিয়ে দিতে চায়।

আপাতত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং আরামবাগ বালুর মাঠের টার্ফে অনুশীলন করবেন ফুটবলাররা। সপ্তাহ খানেক পর বিকেএসপিতে ক্যাম্প শুরু হতে পারে।