২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়েকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

মারাকানার ৬৩ বছর আগের মতো একই ফলাফল, ২-১। তবে এবার উরুগুয়ে নয়, ব্রাজিল বিজয়ী। কনফেডারেশন্স কাপের প্রথম সেমিফাইনালে লাতিন আমেরিকান প্রতিবেশীকে হারিয়ে দেয়া ব্রাজিলিয়ানদের চোখে এখন শিরোপা-স্বপ্ন। আগামী রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন-ইতালি দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 09:15 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

১৯৫০ বিশ্বকাপের শেষ ম্যাচে (ঐ বিশ্বকাপে ফাইনাল হয়নি) প্রথমে গোল করেও উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল স্বাগতিক ব্রাজিল। রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে যে ব্যর্থতা ব্রাজিলের গৌরবোজ্জ্বল ফুটবল-ইতিহাসের অন্যতম দুঃখজনক অধ্যায়।

এরপর উরুগুইয়ানদের অনেকবার হারিয়েছে ব্রাজিল। কিন্তু মারাকানা-ট্র্যাজেডি কখনো ভুলতে পারেনি তারা। কনফেডারেশন্স কাপের সেমিফাইনাল লাইন-আপ চূড়ান্ত হওয়ার পর ৬৩ বছর আগের স্মৃতি ফিরে-ফিরে আসছিল ফুটবল-ভক্তদের মনে।

এবার অবশ্য মারাকানা নয়, খেলার ভেন্যু বেলো হরিজন্তে। বুধবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটির মিনেইরাও স্টেডিয়ামে কিক অফের সঙ্গে-সঙ্গে উরুগুয়ের মুহুর্মুহু আক্রমণে বিপর‌্যস্ত হয়ে পড়ে স্বাগতিকরা। তবে ত্রয়োদশ মিনিটের একটি ঘটনা পাল্টে দেয় খেলার চেহারা।

বক্সের মধ্যে উরুগুয়ের অধিনায়ক ডিয়েগো লুগানোকে ব্রাজিলের ডিফেন্ডার ডেভিড লুইজ ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। শট নিতে আসেন আরেক ‘ডিয়েগো’, গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ফোরলান। কিন্তু তার শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন জুলিও সিজার।

গোলরক্ষকের ‘বীরত্ব’ই পুরো ব্রাজিল দলকে অনুপ্রাণিত করে তোলে। তার আগে পর‌্যন্ত কোণঠাসা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শুরুর বিহ্বলতা ঝেড়ে ফেলে আক্রমণে ওঠা শুরু করে।

খেলা শেষে উরুগুয়ের কোচ অস্কার তাবারেজও জানিয়েছেন, ঐ ঘটনা কতটা উজ্জীবিত করে তুলেছিল ব্রাজিলকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার দলের চেয়ে প্রতিপক্ষের ওপরে ঘটনাটা অনেক বেশি প্রভাব ফেলেছিল। তার আগে ওরা ছিল মাঠের দ্বিতীয় সেরা দল। কিন্তু এরপরই ওরা নিজেদের গুছিয়ে নেয়।”

ব্রাজিলের ‘গুছিয়ে নিয়ে’ আক্রমণে ওঠারই সুফল ৪০ মিনিটের গোল। পলিনিয়োর একটি লং বল ধরে, বক্সের ভেতর থেকে শট নিয়েছিলেন নেইমার। বল এক ডিফেন্ডারের গায়ে লেগে, দিক পরিবর্তন করে চলে আসে ফ্রেডের কাছে। তার আলতো শট এগিয়ে দেয় টুর্নামেন্টের গত দুবারের চ্যাম্পিয়নদের।

তবে দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই সমতা নিয়ে আসে উরুগুয়ে। একটি আক্রমণ কিছুতেই বিপদমুক্ত করতে পারছিল না ব্রাজিলের ডিফেন্স। বল বক্সের মধ্যে ঘোরাফেরা করতে-করতে ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভার দুর্বল পাস পেয়ে যান এডিনসন কাভানি। উরুগুয়ের স্ট্রাইকারের কোণাকুনি শট সিজারের পক্ষে ঠেকানো সম্ভব হয়নি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে খেলা। দুদলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কেউই। সময় গড়াতে-গড়াতে খেলা চলে যাচ্ছিল অতিরিক্ত সময়ের সীমানায়। ঠিক তখনই ব্রাজিলের উল্লাস এবং উরুগুয়ের স্বপ্নভঙ্গ। ৮৬ মিনিটে নেইমারের কর্নারে লাফিয়ে উঠে জোরালো হেড করে গ্যালারি-ভরা দর্শককে উচ্ছ্বাসে ভাসিয়ে দেন পলিনিয়ো। এরপর সর্বশক্তি প্রয়োগ করে সবাই মিলে আক্রমণে উঠেও আর সমতা আনতে পারেনি লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২২ নম্বরে নেমে যাওয়ার লজ্জা নিয়ে কনফেডারেশন্স কাপ শুরু করা ব্রাজিলের এটা টানা পঞ্চম জয়। উরুগুয়ের বিপক্ষে টানা ৮ ম্যাচ তারা অপরাজিত। জুলাই ২০০১ অর্থাৎ প্রায় এক যুগ আগে লাতিন আমেরিকান প্রতিপক্ষের কাছে সর্বশেষ হেরেছিল পেলের দেশ। জয়ী দল।