লক্ষ্যের কথা জানালেন আনচেলত্তি
রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, দলকে একই সঙ্গে দর্শনীয় ফুটবল এবং যত বেশি সম্ভব শিরোপা উপহার দেয়া তার লক্ষ্য।
মঙ্গলবার প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এসে রিয়ালের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আনচেলত্তি। রিয়ালে সহকারী হিসেবে তিনি পাচ্ছেন ফ্রান্সের কিংবদন্তি-ফুটবলার জিনেদিন জিদানকে।
বুধবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবাউয়ে এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ, ফরাসী ও মাতৃভাষা ইতালিয়ান মিলিয়ে আনচেলত্তি বলেন, “আমি ফুটবল ভালবাসি। আর তাই রিয়াল মাদ্রিদ আমার কাছে এক স্বপ্নের মতো। আজ আমার স্বপ্ন সত্যি হলো।”
“আমি মনে করি না রিয়াল মাদ্রিদই আমার কোচিং-জীবনের শেষ দল। তবে আমি আশা করব এখানে অনেক দিন থাকতে পারব।”
বেশ কিছু বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে রিয়াল ছেড়ে চেলসিতে চলে যাওয়া পূর্বসুরী জোসে মরিনিয়ো সম্পর্কে তিনি বলেন, “মরিনিয়ো এবং আমার চরিত্র ভিন্ন। কিন্তু তাকে আমি সম্মান করি। আমার মনে হয় না মরিনিয়োর সঙ্গে আমার তুলনা করা সম্ভব। আমি শুধু নিজের কাজের প্রতি মনযোগ দিতে চাই।”
