৬৩ বছর পরও মারাকানার ‘স্মৃতি’
ফুটবলে ব্রাজিল-উরুগুয়ের লড়াইয়ের ঐতিহ্য বহু পুরনো। বেশ কিছু আলোচিত ম্যাচেরও জন্ম দিয়েছে লাতিন আমেরিকার দুই প্রতিবেশী। যার মধ্যে সবচেয়ে বিখ্যাত ১৯৫০ বিশ্বকাপের শেষ ম্যাচটি। বুধবার কনফেডারেশন্স কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে মারাকানার সেই ম্যাচটির স্মৃতি ঘুরে-ফিরে আসছেই।
১৯৫০ বিশ্বকাপের আয়োজক ব্রাজিল শেষ ম্যাচে (ঐ টুর্নামেন্টে ফাইনাল হয়নি) উরুগুয়ের সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেতো। প্রায় দুই লাখ মানুষে ভরা গ্যালারিকে উচ্ছ্বাসে ভাসিয়ে প্রথমে এগিয়েও যায় তারা। কিন্তু এরপর দুই গোল করে ম্যাচটা জিতে নিয়ে ব্রাজিলকে শোকে স্তব্ধ করে দেয় উরুগুয়ে। ব্রাজিলের ফুটবল-ইতিহাসে যা ‘মারাকানা-ট্র্যাজেডি’ নামে পরিচিত।
এবার অবশ্য রিও ডি জেনিরোর বিখ্যাত স্টেডিয়ামটিতে নয়, খেলা হবে বেলো হরিজন্তেতে। ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে দুই দলই বেশ কিছু সুখবর পেয়েছে।
পায়ের চোট কাটিয়ে ব্রাজিলের ডিফেন্ডার ডেভিড লুইজের মাঠে নামতে কোনো সমস্যা নেই। মিডফিল্ডার পলিনিয়োরও ফেরা মোটামুটি নিশ্চিত। গোড়ালির চোটের কারণে ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি।
উরুগুয়ের জন্য অনুপ্রেরণাদায়ী তথ্য, দুটো হলুদ কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ অধিনায়ক ডিয়েগো লুগানো ফিরছেন। তাহিতির বিপক্ষে চার গোল করলেও আবেল হার্নান্দেজের সম্ভবত প্রথম একাদশে জায়গা হবে না। ডিয়েগো ফোরলান, লুই সুয়ারেজ ও এদিনসন কাভানিকে দিয়ে গত বিশ্বকাপে চতুর্থ হওয়া দলটির আক্রমণভাগ সাজানোর সম্ভাবনা বেশি।
মারাকানা-দুঃস্বপ্ন এখনো উঁকি দিলেও উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল অনেক এগিয়ে। আগের ৭০ ম্যাচে ব্রাজিলের ৩২ ও উরুগুয়ের ১৯টি জয়। বাকি ১৯ ম্যাচ অমীমাংসিত।
সর্বশেষ দুই লড়াইয়েও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিজয়ী। যার মধ্যে আছে ঠিক চার বছর আগে বিশ্বকাপ বাছাই পর্বে ৪-০ গোলের বিশাল জয়।
তবে লুই ফেলিপে স্কলারির অধীনে প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। সেটা অবশ্য প্রায় এক যুগ আগে, ২০০১ সালের জুলাইয়ের ঘটনা।
ম্যাচটা মারাকানায় হলে ব্রাজিল হয়তো ৬৩ বছর আগের ঐ হারের প্রতিশোধ নিতে একটু বেশিই উজ্জীবিত থাকতো। তবে বেলো হরিজন্তেতে হওয়ায় ফ্রেড অন্তত খুশি। এটা যে তার কাছে ঘরের মাঠের মতো!
ইতালির বিপক্ষে দুই গোল করা এই স্ট্রাইকার বলেন, “নিঃসন্দেহে আমি এখানে দারুণ স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি এখানে আমেরিকা ও ক্রুজেইরো ক্লাবের হয়ে খেলেছিলাম। এই স্টেডিয়ামের সঙ্গে আমার অনেক সুখস্মৃতি জড়িয়ে। (সংস্কারের পর) নতুন স্টেডিয়ামে এই প্রথম এলাম। আমি নিশ্চিত, এখানকার পরিবেশ আগের মতোই দুর্দান্ত থাকবে। আশা করি আমি গোলও করতে পারবো।
