সেরেনা-জোকোভিচের সহজ জয়
প্রথম দিনে রাফায়েল নাদালের বিদায়ের মতো উইম্বলডনের দ্বিতীয় দিনে তেমন কোনো অঘটন ঘটেনি। সহজেই জিতেছেন পুরুষ ও মহিলা এককের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস।
জোকোভিচ ৬-৩, ৭-৫, ৬-৪ গেমে জার্মানির ফ্লোরিয়ান মেইয়ারকে হারিয়েছেন। আর টানা ৩৪তম জয়ের দেখা পাওয়া গতবারের চ্যাম্পিয়ন সেরেনা লুক্সেমবার্গের ম্যান্ডি মিনেলা হারিয়েছেন ৬-১, ৬-৩ গেমে।
স্প্যানিশ তারকা নাদালের স্বদেশী চতুর্থ বাছাই ডেভিড ফেরার, চেক প্রজাতন্ত্রের সপ্তম বাছাই টমাস বার্দাইচ, আর্জেন্টিনার অষ্টম বাছাই হুয়ান মার্তিন দেল পোত্রো, জার্মানির ত্রয়োদশ বাছাই টমি হাস এবং প্রতিভাবান বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভও সহজ জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
মহিলাদের এককে ষষ্ঠ বাছাই লি না, সপ্তম বাছাই অ্যাঞ্জেলিক কেরবার ও চতুর্দশ বাছাই সামান্থা স্টোসার জয় পেলেও হেরে গেছেন দশম বাছাই মারিয়া কিরিলেঙ্কো।
