সুপার কাপে মোহামেডান চ্যাম্পিয়ন
তৃতীয় সুপার কাপ ফুটবলের শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৪-২ গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়েছে।
নির্ধারিত সময় শেষে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।
২৭ মিনিটে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ৫২ মিনিটে তরুণ স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ সমতায় ফেরান মোহামেডানকে।
অতিরিক্ত সময়ের ২৮ মিনিটে মারামারি করে সরাসরি লাল কার্ড দেখেন ওয়াহেদ ও শেখ রাসেলের ডিফেন্ডার আশরাফ মাহমুদ লিঙ্কন।
সুপার কাপে এটা মোহামেডানের দ্বিতীয় শিরোপা। প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর গতবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হেরে যায় তারা।
ফাইনালের আগে অনন্য এক অর্জনের সামনে দাঁড়িয়েছিল শেখ রাসেল। সুপার কাপেও সাফল্য পেলে এক মৌসুমে চারটি শিরোপা জিততো তারা। কিন্তু টাইব্রেকারে ব্যর্থ হওয়ায় ‘ইতিহাস’ গড়তে পারেনি।
টাইব্রেকারে মোহামেডানের মোবারক হোসেন, মেজবাবুল হক মানিক, হাবিবুর রহমান সোহাগ ও মিন্টু শেখ সফল হলেও রজনীকান্ত বর্মণ গোল করতে পারেননি।
শেখ রাসেলের পক্ষে এমিলি ও মিঠুন চৌধুরী গোল করলেও ব্যর্থ হন নাহিদুল ইসলাম ও সবুজ কুমার।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে মোহামেডানের ফরোয়ার্ড মোবারক ২৫ হাজার টাকা এবং একটি মোটর সাইকেল পেয়েছেন।
খেলা শেষে মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু বলেন, “আমার কোচিং-জীবনে তেমন সাফল্য নেই। তাই শিরোপা জিততে পেরে খুব ভালো লাগছে। তবে আমার চেয়েও ক্লাবের এই শিরোপার বেশি প্রয়োজন ছিল।”
“পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় পাওয়ার পেছনে গোলরক্ষক মামুন খানের বিশাল অসাধারণ। সে অসাধারণ দৃঢ়তায় বেশ কয়েক বার আমাদের বিপদ থেকে রক্ষা করেছে।”
অন্যদিকে শেখ রাসেলের কোচ মারুফুল হক বলেন, “আমাদের দলের বেশ কয়েকজন জয়ের ব্যাপারে অতি আত্মবিশ্বাসী ছিল। সেটাই কাল হয়েছে। অবশ্য মোহামেডানও খুব ভালো খেলেছে। সেই সঙ্গে টাইব্রেকারে ভাগ্য সহায় না থাকায় আমাদের হার মানতে হয়েছে।”
