বায়ার্নে ‘পরিচিত’ হলেন গার্দিওলা
বায়ার্ন মিউনিখ তাদের নতুন কোচ পেপ গার্দিওলাকে সাংবাদিকদের সঙ্গে ‘পরিচয়’ করিয়ে দিয়েছে সোমবার। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বার্সেলোনার সফলতম কোচ তার লক্ষ্যের কথা জানিয়েছেন।
ায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনার সংবাদ সম্মেলন কক্ষে আক্ষরিক অর্থেই তিল ধারণের জায়গা ছিল না। আগাগোড়া জার্মান ভাষায় কথা বলে যাওয়া গার্দিওলা শুরুতে একটু রসিকতা করে নেন।
চার বছরে বার্সেলোনাকে ১৪টি শিরোপা উপহার দেয়া গার্দিওলা বলেন, “আমার জার্মান ভাষার জন্য ক্ষমা করবেন। প্রায় এক বছর নিউ ইয়র্কে ছিলাম। জায়গাটা জার্মান ভাষা শেখার জন্য মোটেই উপযুক্ত নয়।”
এর পরই অবশ্য গম্ভীর হয়ে তিনি বলেন, “আমি মনে করি বায়ার্নের সঙ্গী হতে পারা আমার জন্য একটা উপহার। এটা আমার কাছে একটা আশীর্বাদের মতো। দায়িত্ব পালনের জন্য আমি প্রস্তুত। বার্সেলোনায় আমার চমৎকার সময় কেটেছিল। তবে তার থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। বায়ার্ন আমাকে সেই সুযোগ দিয়েছে আর আমি তা গ্রহণ করেছি।”
প্রথম জার্মান ক্লাব হিসেবে ‘ট্রেবল’ অর্থাৎ এক মৌসুমে তিনটি শিরোপাজয়ী বায়ার্নে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ গার্দিওলা সামনের কঠিন পরীক্ষার কথাও স্বীকার করেন অকপটে। সবচেয়ে বড় পরীক্ষা বায়ার্নকে তাদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ সাফল্য এনে দিয়ে বিদায় নেয়া কোচ ইয়ুপ হেইঙ্কেসের শূন্যস্থান পূরণ।
এ প্রসঙ্গে ৪২ বছর বয়সী গার্দিওলা বলেন, “আমাকে তুলনা সংক্রান্ত আলোচনা মেনে নিতে হবে। আমাকে এর সঙ্গে মানিয়েও নিতে হবে। সন্দেহ নেই আমি চাপের মধ্যে আছি। তবে আমি এ ব্যাপারে অবগত। আমি নির্ভয়ে এই চ্যালেঞ্জ গ্রহণ করছি আর এজন্যই তো আমি কোচ।”
ক্লাব সভাপতি উলি হোনেস, প্রধান নির্বাহী ও সাবেক তারকা ফুটবলার কার্ল-হেইঞ্জ রুমেনিগে এবং ক্রীড়া বিষয়ক পরিচালক ম্যাথিয়াস সামারকে সঙ্গে নিয়ে গার্দিওলা আরো বলেন, “সদ্য চারটি শিরোপা জয়ী (মৌসুমের শুরুতে জার্মান সুপার কাপসহ) দলে খুব বেশি পরিবর্তন আনার প্রয়োজন নেই। আমি শুধু ইয়ুপ হেইঙ্কেসের সাফল্যকে অনুসরণের চেষ্টা করবো। প্রত্যেকেরই ফুটবল খেলা নিয়ে নিজস্ব মতামত আছে। তবে আমরা সামান্য কিছুই পরিবর্তন করবো। একেবারেই ক্ষুদ্র কিছু।”
