২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সুপার কাপের ফাইনালে মোহামেডান

তৃতীয় সুপার কাপ ফুটবলের সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এই প্রতিযোগিতায় এটা মোহামেডানের টানা তৃতীয় বারের মতো ফাইনালে উত্তরণ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

মঙ্গলবার ফাইনালে তাদের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়াচক্র। প্রথম সেমিফাইনালে শেখ রাসেল ২-০ গোলেই ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারতো। কিন্তু মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিক থেকে সুযোগ সৃষ্টি হলেও ডিফেন্ডার রজনীকান্ত বর্মণ বলে পা ছোঁয়াতে পারেননি।

৩৩ মিনিটে হতাশ হতে হয় মুক্তিযোদ্ধাকেও। কর্নার থেকে প্রতিপক্ষের পোস্ট অরক্ষিত পেলেও ফরোয়ার্ড শ্যামল আহমেদ রনি বলে মাথা স্পর্শ করতে ব্যর্থ। বিরতির ঠিক আগে মোহামেডানকে এগিয়ে দেন তরুণ স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ। ফরোয়ার্ড মোবারক হোসেনের ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৬২ মিনিটে দ্বিতীয় গোলের জন্মও মোবারক-ওয়াহেদ ‘কম্বিনেশনে’। ওয়াহেদের চিপ ধরে, মুক্তিযোদ্ধার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে মোহামেডানের জয় নিশ্চিত করা মোবারকের হাতে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে। ৮০ মিনিটে মুক্তিযোদ্ধার মিডফিল্ডার শিহাবের শট কোনো রকমে ঠেকিয়ে মোহামেডানকে রক্ষা করেন গোলরক্ষক মামুন খান। খেলা শেষে মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু বলেন, “এই জয়ের পেছনে সম্পূর্ণ অবদান খেলোয়াড়দের। প্রথম গোল খেলার চেহারা পাল্টে দেয়। আর দ্বিতীয় গোল আমাদের জয় নিশ্চিত করে দেয়।” মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, “ভাগ্য আমাদের পক্ষে ছিল না। গোলের কয়েকটা সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারিনি। তাই হার মানতে হয়েছে।”