ফাইনালে ওঠার লড়াইয়ে শেখ রাসেল-ব্রাদার্স
শুক্রবার গ্রামীণফোন সুপার কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এ মৌসুমে ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জিতে অনন্য কীর্তি স্থাপন করেছে শেখ রাসেল। তাদের কোচ মারুফুল হক সুপার কাপেও সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী।
প্রথম সেমিফাইনাল উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রথমত আমাদের লক্ষ্য ফাইনাল। ফাইনালে উঠতে পারলে আশা করি ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিততে পারবো।”
“সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ ব্রাদার্স দুর্বল দল নয়। যোগ্য দল হিসেবেই তারা শেষ চারে উঠেছে। তবে তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। যদিও আমাদের রক্ষণ ও আক্রমণভাগে কিছু সমস্যা আছে। আশা করি সেমিফাইনালে সমস্যাগুলোকে পেছনে ফেলে জয় পাবো।”
আবাহনী লিমিটেডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল কার্ড পাওয়ায় সেমিফাইনালে ডিফেন্ডার মামুন মিয়াকে পাচ্ছে না শেখ রাসেল। তার জায়গায় খেলতে পারেন তরুণ ডিফেন্ডার শওকত হোসেন।
ব্রাদার্সের কোচ মহিদুর রহমান মিরাজের কণ্ঠেও ফাইনালে খেলার আশাবাদ। তিনি বলেন, “সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে আমি শেখ রাসেলকেই চেয়েছিলাম। আমার বিশ্বাস, তাদের হারিয়ে আমরা ফাইনালে খেলতে পারবো।”
“আমাদের হারানোর কিছু নেই। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা সফল হবোই। আমাদের দলে বেশ কয়েক জন উদীয়মান খেলোয়াড় আছে। বিশেষ করে স্ট্রাইকার জুয়েল রানা যে কারো জন্যই হুমকি। এই টুর্নামেন্টে তিন গোল করে জুয়েলই এখন গোলদাতার তালিকায় শীর্ষে।”
