মোহামেডান প্যানেলের হকির নির্বাচন বর্জন
বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সাজেদ এ এ আদেল ও শফিউল্লাহ আল মুনীরের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সমর্থিত প্যানেল।
নির্বাচনকে ঘিরে রাজনৈতিক শক্তির ক্ষমতার অপব্যবহার, আচরণবিধি লঙ্ঘন ও কাউন্সিলরদের হুমকি দেয়ার প্রতিবাদে তাদের এই সিদ্ধান্ত।
মোহামেডান, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, অ্যাজাক্স ক্লাব, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও ওয়ারী ক্লাব ভবিষ্যতে হকি ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে কোনো কার্যক্রমে অংশ না নেয়ারও সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার মোহামেডান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিউল্লাহ বলেন, “হকি ফেডারেশনের সভাপতির কাছে এই ৬টি ক্লাব নয়, একটি ক্লাবই বড়। তাই তিনি কোনো ব্যবস্থা নেননি। তিনি ৫ কাউন্সিলরকে সমানভাবে বন্টন করলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পাওয়া যেতো।”
নির্বাচন নিয়ে তাদের বিরুদ্ধে একটি মহলের চক্রান্ত এবং অপপ্রচারেরও অভিযোগ করে মোহামেডানের প্যানেল।
সংবাদ সম্মেলনে মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া, সাজেদ আদেলসহ ছয়টি ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাদের দাবি, নির্বাচনে জয়ী হওয়ার সামর্থ্য তাদের আছে। কারণ ৪৪ জন কাউন্সিলরের সমর্থন তাদের পক্ষে। তবে এই কাউন্সিলরদের ভোটে অংশগ্রহণ নিয়ে তারা সন্দিহান।
জাতীয় ক্রীড়া পরিষেদের কোটায় আবাহনী ক্লাব থেকে ৫ জন কাউন্সিলরের নাম পাঠানোয় নির্বাচনে স্বজনপ্রীতির অভিযোগ করেন তারা। এ ব্যাপারে হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীর হস্তক্ষেপ কামনা করেছিল ছয়টি ক্লাব। কিন্তু সভাপতির নির্লিপ্ততায় তারা হতাশ।
