২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপের সেমিফাইনালে মোহামেডান

গ্রামীণফোন সুপার কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারানোয় শেষ চার নিশ্চিত হয়ে গেছে তাদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 04:09 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে মোহামেডানই এখন শীর্ষে। সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করা প্রিমিয়ার লিগের রানার্স আপ শেখ জামালের সামনে ঘোর অনিশ্চয়তা।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নবম মিনিটেই গোলের দেখা পেয়ে যায় মোহামেডান। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগে বল পেয়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদ।

তবে পাঁচ মিনিট পরই শেখ জামাল সমতা নিয়ে আসতে পারতো। ফরোয়ার্ড শাকিল আহমেদ ও স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের পর-পর দুটি শট ঠেকিয়ে মোহামেডানকে রক্ষা করেন গোলরক্ষক মামুন খান।

৩৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে মোহামেডান। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মিডফিল্ডার মেজবাবুল হক মানিক।

এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও কোনো দল গোল করতে পারেনি।