২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের শুভ সূচনা

পেদ্রো ও রবার্তো সলদাদোর লক্ষ্যভেদে উরুগুয়েকে সহজেই ২-১ গোলে হারিয়ে কনফডারেশন্স কাপ জয় দিয়ে শুরু করেছে স্পেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Jun 2013, 05:32 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

ইউরো-বিশ্বকাপ-ইউরো; টানা তিনটি টুর্নামেন্ট জিতে স্পেন আজ বিশ্ব ফুটবলের অন্য উচ্চতায়। ফুটবল-ইতিহাসের প্রথম দল হিসাবে এই অনন্য কীর্তি গড়া স্প্যানিশদের এখন একটাই আক্ষেপ, কনফেডারেশন্স কাপ জিততে না পারা। তবে বিশ্বকাপের ‘মহড়া’ প্রতিযোগিতার শুরুতেই তারা বুঝিয়ে দিয়েছে, এবার শিরোপা জিততে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) ব্রাজিলের রেসিফেতে ‘বি’ গ্রুপের ম্যাচটির শুরু থেকেই প্রাধান্য ছিল স্পেনের। প্রথম ১৫ মিনিটের মধ্যে সেস ফ্যাব্রেগাস, পেদ্রো ও আন্দ্রেস ইনিয়েস্তা সুযোগ পেলেও দলকে গোল উপহার দিতে পারেননি।

২০ মিনিটের সময় পেদ্রো অবশ্য হতাশ করেননি স্প্যানিশদের। কর্নার থেকে বার্সেলোনা ফরোয়ার্ডের জোরালো শট প্রতিপক্ষের ডিফেন্ডার ডিয়েগো লুগানোর গায়ে লেগে, দিক পরিবর্তন করে জালে চলে যায়।

পিছিয়ে পড়ার কিছুক্ষণ পরই উরুগুয়ে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। কিন্তু নাপোলির স্ট্রাইকার এডিনসন কাভানির হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাশ হতে হয় লাতিন আমেরিকা চ্যাম্পিয়নদের।

উরুগুয়ের সেই হতাশা বহু গুণ বেড়ে যায় ৩২ মিনিটের সময়। ইনিয়েস্তা ও ফ্যাব্রেগাসের মাধ্যমে গড়ে ওঠা একটা দারুণ আক্রমণ থেকে স্পেনের দ্বিতীয় গোলের জন্ম।

ইনিয়েস্তার ডিফেন্সচেরা থ্রু ধরে ফ্যাব্রেগাস পাস দেন সলদাদোকে। ভ্যালেন্সিয়া স্ট্রাইকারের ঠাণ্ডা মাথায় বল জালে পাঠাতে ভুল হয়নি। দুই গোলে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশ নির্ভার ছিল স্পেন। তবু ৪৯ মিনিটে তৃতীয় গোল করার সুযোগ এসেছিল তাদের সামনে। সলদাদোর ক্রসে পেদ্রো একটুর জন্য পা ছোঁয়াতে না পারায় গোলটা হয়নি। এরপর কোনো দলই আর তেমন সুযোগ পায়নি। উরুগুয়ে অবশ্য ‘স্বান্ত্বনা’র গোল পেয়েছে। ৮৮ মিনিটে লিভারপুলের স্ট্রাইকার লুই সুয়ারেজের বাঁক খাওয়ানো ফ্রি কিক ব্যবধান কমালেও স্পেনের টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার গৌরব ক্ষুন্ন হয়নি। খেলা শেষে বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ ভিসেন্তে দেল বস্ক বলেন, “শেষ দিকে আমরা বেশ পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। এত গরমে সেটাই অবশ্য স্বাভাবিক।” “প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। আমার তো মনে হয় দ্বিতীয়ার্ধেও ভালো খেলেছি। শুধু শেষের দিকে কিছুটা সমস্যা হচ্ছিল। তিনটা দারুণ পয়েন্ট আমাদের সেমিফাইনালে ওঠার জন্য সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে।” স্পেনের পরের ম্যাচ বৃহস্পতিবার, তাহিতির বিপক্ষে। সেদিনই উরুগুয়ের প্রতিপক্ষ নাইজেরিয়া।