মারাকানায় পির্লোর চমকপ্রদ ফ্রি কিক
কনফেডারেশন্স কাপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়েছে ইতালি। তবে তাদের জয়ের চেয়েও ফ্রি কিক থেকে আন্দ্রিয়া পির্লোর অসাধারণ এক গোল নিয়েই বেশি রোমাঞ্চিত ফুটবল-ভক্তরা।
রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা পির্লো প্রায় ৩০ মিটার দূর থেকে ফ্রি কিকটা নিয়েছিলেন। মেক্সিকানদের গড়া দেয়ালকে টপকে, বাঁক খেয়ে, গোলরক্ষক হোসে করোনাকে বোকা বানিয়ে বল জালে চলে যায়।
২৭ মিনিটের ঐ গোলের আগে থেকেই শুরু হয়েছিল পির্লোর নামে জয়ধ্বনি। গোলের পর তা বহু গুণ বেড়ে যায়। মারাকানায় একজন বিদেশি ফুটবলারের জন্য যে সম্মান প্রাপ্তি বেশ বিরল ঘটনাই।
ইতালির কোচ সিজারে প্রানদেল্লিও জুভেন্টাসের ৩৪ বছর বয়সী মিডফিল্ডারের প্রশংসায় আত্মহারা। খেলা শেষে তিনি বলেন, “পির্লোকে বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। সে প্রত্যেকের সামনেই একটি উদাহরণ।”
এগিয়ে থাকার আনন্দ অবশ্য মিনিট সাতেকের বেশি উপভোগ করতে পারেনি ‘ইউরো ২০১২’-এর রানার্স আপরা। মায়োর্কার ফরোয়ার্ড জিওভানি দস সান্তোসকে জুভেন্টাসের ডিফেন্ডার আন্দ্রিয়া বারজাগলি বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তা থেকে গোল করে মেক্সিকোকে সমতায় ফেরান ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ।
