২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার আগে শেষ চারে শেখ রাসেল

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে গ্রামীণফোন সুপার কাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

‘এ’ গ্রুপে প্রত্যেক দলের দুটি করে ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ রাসেল। দুই পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেডের অবস্থান দ্বিতীয়। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও ফেনী সকার ক্লাবের সংগ্রহ এক পয়েন্ট করে।

হেরে গেলেও প্রথম গোলটি মুক্তিযোদ্ধার। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে মিডফিল্ডার ফয়সাল মাহমুদের কর্নার থেকে রোকনুজ্জামান কাঞ্চনের হেড এগিয়ে দেয় মুক্তিযোদ্ধাকে।

তবে ৬ মিনিট পরই সমতা নিয়ে আসে শেখ রাসেল। স্ট্রাইকার মিঠুন চৌধুরীর থ্রু ধরে ফরোয়ার্ড জাহিদ হোসেন মুক্তিযোদ্ধার দুজন ডিফেন্ডার এবং গোলরক্ষককে কাটিয়ে গোল করেন।

৭৭ মিনিটে মিঠুনের ক্রস থেকে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির হেড মুক্তিযোদ্ধার গোলরক্ষক জিয়াউর রহমান দৃঢ়তার সঙ্গে রক্ষা করেন।

তবে ৮৬ মিনিটে দলকে বাঁচাতে পারেননি জিয়াউর। কর্নার থেকে হেড করে শেখ রাসেলের জয়সূচক গোলদাতা ফরোয়ার্ড আনোয়ার হোসেন।