আবাহনীর টানা দ্বিতীয় ড্র
গ্রামীণফোন সুপার কাপ ফুটবলে টানা দ্বিতীয় ড্র করেছে আবাহনী লিমিটেড। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের ২-২ গোলে রুখে দিয়েছে ফেনী সকার ক্লাব।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের পর ফেনী সকারের সঙ্গেও ড্র করায় আবাহনীর সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে পড়লো। মঙ্গলবার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এ মৌসুমে তিনটি শিরোপাজয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র।
বিরতির ঠিক আগে এগিয়ে যায় ফেনী সকার ক্লাব। আবাহনীর ডিফেন্ডার মোহাম্মদ সুজন প্রতিপক্ষের স্ট্রাইকার আমিনুর রহমান সজীবকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সুযোগটার সদ্ব্যবহার করেন স্ট্রাইকার আকবর হোসেন রিদন।
৬৬ মিনিটে ডিফেন্ডার সৈকত ভৌমিকের ক্রস থেকে ফরোয়ার্ড আতিকুর রহমান মিশুর হেড সমতা নিয়ে আসে খেলায়।
দুই মিনিট পর আবাহনী এগিয়েও যায়। ডিফেন্ডার ইবনুল সিরাজীর পাস থেকে কোনাকুনি শটে গোল করেন শাহেদুর রহমান।
৮১ মিনিটে ব্যবধান ৩-১ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন মিশু। পেনাল্টি থেকে তার দুর্বল শট ধরে ফেলেন ফেনী সকারের গোলরক্ষক মাসুদ আহমেদ উজ্জ্বল।
এটাই কাল হয়ে দাঁড়ায় আবাহনীর জন্য। শেষ মুহূর্তে সজীবের প্রায় ৩০ মিটার দূর থেকে নেয়া শট একটি পয়েন্ট এনে দেয় ফেনী সকারকে।
