২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু মোহামেডানের

গ্রামীণফোন সুপার কাপ ফুটবলে শুভ সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে বিজেএমসিকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

২৫ মিনিটে বিজেএমসির ডিফেন্ডার অমিত খান শুভ্র মোহামেডানের স্ট্রাইকার মোবারক হোসেনকে বক্সের মধ্যে ফেলে দিলে রেফারির পেনাল্টির বাঁশি বেজে ওঠে। পেনাল্টি থেকে মোবারকই ঐতিহ্যবাহী দলটির জয়সূচক গোলদাতা।

৮৫ মিনিটে দ্বিতীয় গোলও পেতে পারতো মোহামেডান। কিন্তু মিডফিল্ডার মেজবাবুল হক মানিকের কর্নার থেকে ফরোয়ার্ড সোহেল রানার হেড ক্রস বারের ওপর দিয়ে চলে যাওয়ায় হতাশ হতে হয় তাদের।

বিজেএমসিও গোল করার সুযোগ পেয়েছিল। ৫৭ মিনিটে আলী কবিরের ক্রস থেকে ফাঁকায় বল পেয়েও ক্রস বারের ওপর দিয়ে তুলে দেন ফরোয়ার্ড দিদারুল আলম।

শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে প্রতিপক্ষের গোলরক্ষক মামুন খানের ভুল আরেকটি সুযোগ এনে দিয়েছিল বিজেএমসিকে।

মিডফিল্ডার আবুল হোসেনের ফ্রি কিক থেকে স্ট্রাইকার তখলিস আহমেদের হেড ঠেকাতে এগিয়ে আসা মামুন বলের ফ্লাইট মিস করায় আরেকটু হলেই গোল পেয়ে যাচ্ছিল বিজেএমসি। তবে গোল লাইন থেকে হেড করে মোহামেডানের তিন পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করেন ডিফেন্ডার তপু বর্মণ।