২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের সঙ্গে শেখ জামালের ড্র

গ্রামীণফোন সুপার কাপ ফুটবল জয় দিয়ে শুরু করতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 03:34 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

৩৮ মিনিটে ফরোয়ার্ড জুয়েল রানার মাটি ঘেঁষা শটে এগিয়ে যায় ব্রাদার্স। ৫০ মিনিটে নাসিরউদ্দিনের শট সাইড বারে লেগে ফিরে এলে হতাশায় পুড়তে হয় শেখ জামালকে।

এর দুই মিনিট পরই অবশ্য সমতা নিয়ে আসে প্রিমিয়ার লিগের রানার্স আপরা। বক্সের মধ্যে শেখ জামালের স্ট্রাইকার অরুপ বৈদ্যকে ব্রাদার্সের ডিফেন্ডার সাদ্দাম হোসেন ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি আজাদ রহমান। তা থেকে আড়াআড়ি শটে গোল করেন নাসির।

শেখ জামালের দুর্ভাগ্য, প্রায় আধ ডজন সুযোগ পেয়েও জিততে পারেনি। এমনকি শেষ মুহূর্তে মিডফিল্ডার আলমগীর রানার শটও পোস্টে যায়নি, ক্রস বারের ওপর দিয়ে চলে গেছে।