২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনাকে ‘ছাড়িয়ে’ মেসি

আন্তর্জাতিক ফুটবলে ডিয়েগো ম্যারাডোনার চেয়ে এখন গোল-সংখ্যায় এগিয়ে লিওনেল মেসি। শনিবার সকালে এক প্রীতি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে ‘আদর্শ’কে পেছনে ফেলে দিয়েছেন বার্সেলোনা তারকা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Jun 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

ম্যারাডোনার ৩৪ গোলের চেয়ে মেসির গোল একটি বেশি।

বিশ্বকাপ বাছাইপর্বের টানা তিন ম্যাচে ড্রয়ের পর গুয়েতেমালার জাতীয় স্টেডিয়ামে প্রথম জয়ের দেখা পাওয়া আর্জেন্টাইনদের জন্য বড় স্বস্তি, চোট কাটিয়ে মেসির ছন্দে ফেরা।

পায়ের পেশির চোটের কারণে বার্সেলোনার হয়ে স্প্যানিশ লা লিগার শেষ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি মেসি। জাতীয় দলের হয়ে মাঠে নামলেও আগের দুই ম্যাচেই খেলেছিলেন শেষ ৩০ মিনিট।

তবে গুয়েতেমালা সফরে শুরু থেকে খেলা মেসির গোলেই ১৫ মিনিটের সময় এগিয়ে যায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে, বিরতির মিনিট পাঁচেক আগে। আর হ্যাটট্রিক নিশ্চিত করা গোল দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে। আর্জেন্টিনার অন্য গোলটি মিডফিল্ডার অগাস্তো ফার্নান্দেজের। জাতীয় দলের হয়ে মেসির এটা তৃতীয় হ্যাটট্রিক। ৩৫টি করে গোল নিয়ে তিনি ও হার্নান ক্রেসপো এখন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। ৫৬ গোল নিয়ে দুজনের চেয়ে অনেকখানি এগিয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতা।