বিশ্বকাপের ‘মহড়া’ প্রতিযোগিতা
বিশ্বকাপ শুরু হতে ঠিক এক বছর বাকি। ফুটবল-মহাযজ্ঞের প্রস্তুতি কেমন হচ্ছে, তা পরখ করার ‘মানদণ্ড’ কনফেডারেশন্স কাপ শুরু হচ্ছে শনিবার থেকে, ব্রাজিলে। উদ্বোধনী দিনে একমাত্র ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ জাপান।
‘এ’ গ্রুপে ব্রাজিল-জাপানের সঙ্গী ইতালি ও মেক্সিকো। ‘বি’ গ্রুপে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের তিন প্রতিপক্ষ উরুগুয়ে, নাইজেরিয়া ও তাহিতি।
৮ দলের প্রতিযোগিতা শুরু হওয়ার লগ্নে দাঁড়িয়ে আয়োজকরা অবশ্য একদমই স্বস্তিতে নেই। প্রস্তুতির ঘাটতি তো আছেই, বিক্ষুব্ধ মানুষের প্রতিবাদ সামাল দিতেও ব্রাজিল সরকারের বেহাল অবস্থা!
শুক্রবার কয়েকটি স্টেডিয়ামে প্লাস্টার ও রং করা এবং কাঁচ বসানোর কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা।
তবে তার চেয়েও দুশ্চিন্তার কথা, রাজধানী ব্রাসিলিয়ার যে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হবে, তার ঠিক বাইরে কয়েক শ’ মানুষের টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন। কনফেডারেশন্স কাপ ও বিশ্বকাপ উপলক্ষ্যে ব্রাজিলের যে বিশাল অঙ্কের খরচ হচ্ছে, তার প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ।
সাধারণ মানুষকে অবশ্য দোষও দেয়া যায় না। খরচের খড়্গ তাদের ওপরে পড়তে শুরু করেছে। এরই মধ্যে বেড়ে গেছে বাস ও পাতাল রেলের ভাড়া।
প্রতিবাদে বৃহস্পতিবার সাও পাওলো ও রিড ডি জেনিরোতে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ে বহু মানুষ। সাও পাওলোতে প্রায় হাজার পাঁচেক বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পুলিশ জানিয়েছে, ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছে নাকি ছুরি-বোমাও পাওয়া গেছে!
মাঠের বাইরের ‘অশান্তি’কে পাশ কাটিয়ে মাঠের লড়াইয়ে মনযোগ দিলেও অস্বস্তিতে পড়তে হবে আয়োজকদের। রিও’র জোয়াও হ্যাভেলাঞ্জ স্টেডিয়াম প্র্যাকটিস ভেন্যু ছিল ইতালির। কিন্তু ত্রুটিপূর্ণ ছাদের কারণে এই স্টেডিয়ামে অনুশীলন করতে পারেনি চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাধ্য হয়ে বিকল্প মাঠ খুঁজে নিতে হয়েছে তাদের।
রেসিফেতে প্রবল বৃষ্টির কারণে উরুগুয়েও বরাদ্দ পাওয়া মাঠে অনুশীলন করতে পারেনি। লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদেরও বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে।
আফ্রিকা চ্যাম্পিয়ন নাইজেরিয়ার ফুটবলাররা তো দেশের ফেডারেশনের বোনাস বাতিলের প্রতিবাদে টুর্নামেন্ট বয়কটেরই হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত ব্রাজিলে যেতে রাজি হয়েছে ঠিকই, তবে শনিবার অর্থাৎ প্রতিযোগিতার উদ্বোধনী দিনের আগে তাদের পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। অথচ সোমবারই তাদের প্রথম লড়াই তাহিতির বিপক্ষে।
কনফেডারেশন্স কাপের ফিক্সচার
