শেখ রাসেলের শুভ সূচনা
গ্রামীণফোন সুপার কাপ ফুটবল জয় দিয়ে শুরু করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তারা ২-০ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়েছে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটে শেখ রাসেলকে এগিয়ে দেন ডিফেন্ডার নাহিদুল ইসলাম। ডি-বক্সের ভেতর থেকে নেয়া তার নিচু শট সকার ক্লাবের ডিফেন্ডার মুশফিকউদ্দিন খান শিমুল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন। তবে রেফারি মিজানুর রহমান আত্মঘাতী নয়, নাহিদকে দিয়েছেন গোলটি।
এ মৌসুমে প্রিমিয়ার লিগসহ তিনটি শিরোপা জয়ী শেখ রাসেলের জয় নিশ্চিত হয় ৭৫ মিনিটের সময়। বক্সের বাইরে থেকে নেয়া ফরোয়ার্ড জাহিদ হোসেনের দারুণ শট সকার ক্লাবের গোলরক্ষককে বোকা বানিয়ে জালে চলে যায়।
শেখ রাসেল অবশ্য আরো বড় ব্যবধানে জিততে পারতো। ১৯ মিনিটে মিঠুন চৌধুরীর কর্নার থেকে জাহিদের হেড প্রতিপক্ষের ডিফেন্ডার আলাউদ্দিন গোল লাইন থেকে বিপদমুক্ত করায় প্রথমার্ধে তারা গোলের দেখা পায়নি।
পুরো ম্যাচে সকার ক্লাবের বলার মতো সুযোগ মাত্র একটি। ৩৪ মিনিটে স্ট্রাইকার আকবর হোসেন রিদন শেখ রাসেলের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।
