২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ বিশ্ব হকি লিগের আয়োজক হতে আগ্রহী

বিশ্ব হকি লিগের প্রথম পর্বের আয়োজক হওয়ার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী বছর এই প্রতিযোগিতা হওয়ার কথা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 06:43 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

এ প্রসঙ্গে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, “ইদানীং হকি দলের পারফরম্যান্স বেশ ভালো। অনেক দিন দেশে কোনো আন্তর্জাতিক হকি টুর্নামেন্টও হয় না। তাই আমরা আয়োজক হওয়ার আবেদন করছি।” ২০১০ সালের মে মাসে ঢাকায় সর্বশেষ আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা হয়েছিল। ৭ দলের এশিয়ান গেমস হকির বাছাই পর্বে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। হকি দল সর্বশেষ কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেছিল গত ফেব্রুয়ারিতে, বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে। তার আগে গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এদিকে হকি ফেডারেশনের নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। ১১০টি মনোনয়নপত্রের মধ্যে খাজা রহমতউল্লাহর প্যানেল ৫৫টি এবং শফিউল্লাহ আল-মুনীরের প্যানেল ৫৩টি কিনেছে। বাকি দুটি কিনেছে স্বতন্ত্র প্রার্থী। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পাঁচ কাউন্সিলরের নাম পরিবর্তন না করায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, মেরিনার ইয়াংস ক্লাব, ওয়ারী ক্লাব, অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব দলবদলে অংশ না নেয়ার কথা জানিয়ে হকি ফেডারেশনকে চিঠি দিয়েছে বৃহস্পতিবার।