২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসলোতে সাফল্য পেতে মরিয়া বোল্ট

পায়ের পেশির চোট কাটিয়ে প্রত্যাবর্তনটা জয় দিয়ে হয়নি। তবে রোমের ব্যর্থতা ভুলে অসলোতে সাফল্য পেতে দৃঢ় প্রতিজ্ঞ উসাইন বোল্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 07:53 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বৃহস্পতিবার নরওয়ের রাজধানী অসলোতে আইএএএফ ডায়মন্ড লিগের বিসলেট গেমসে ২০০ মিটার দৌড়ে অংশ নেবেন বিশ্বের দ্রুততম মানব। গত বৃহস্পতিবার ইতালির রোমে ডায়মন্ড লিগের আরেকটি প্রতিযোগিতায় ১০০ মিটারে হেরে যান লন্ডন অলিম্পিকে এই ইভেন্টে সোনাজয়ী বোল্ট। ৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। দ্বিতীয় বোল্টের টাইমিং ছিল তার চেয়ে ০.০১ সেকেন্ড বেশি। তবে সেই হতাশাকে পেছনে ফেলতে মরিয়া জ্যামাইকার গর্ব বোল্ট। বুধবার এক সংবাদ সম্মেলনে বেইজিং ও লন্ডন অলিম্পিক মিলে ছয়টি সোনাজয়ী বলেন, “এখন আমি খুবই ভালো বোধ করছি। মনে হচ্ছে ২০ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করার মতো অবস্থায় আছি। এখন আমার শুধু প্রয়োজন অনেক বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ।” ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট আরো বলেন, “যতক্ষণ না আমার কোচ দুশ্চিন্তায় পড়ছেন ততক্ষণ আমিও চিন্তিত নই। এবং সবাইকে জানাতে চাই, কোচ আমাকে নিয়ে চিন্তিত নন।”