২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসসি মনোনীত পাঁচ কাউন্সিলর অপরিবর্তিত

অনেক বিতর্কের পরও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পাঁচ কাউন্সিলর পরিবর্তন করা হয়নি। এ অবস্থাতেই বুধবার হকি ফেডারেশনের নির্বাচনের চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশ করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

তালিকা প্রকাশের পর মোহামেডান সমর্থিত পরিষদের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী শফিউল্লাহ আল-মুনীর বলেন, “আমি হতাশ! ফেডারেশন সভাপতি (এয়ার মার্শাল ইনামুল বারী) অভিভাবকসুলভ আচরণ করেননি। সবার স্বার্থ রক্ষা করা তার দায়িত্ব। কিন্তু এখানে কেবল আবাহনীর স্বার্থই রক্ষা করা হচ্ছে।”

সাবেক খেলোয়াড় আবদুস সাদেক, জুম্মন লুসাই, মাহবুব হারুন, মামুনুর রশীদ ও জাকি আহমেদ রিপনকে কাউন্সিলর হিসেবে মনোনীত করেছে এনএসসি। এদের সবার আবাহনীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে এনএসসি মনোনীত কাউন্সিলর পরিবর্তনের দাবী জানিয়ে আসছে মোহামেডানের নেতৃত্বে জোটবদ্ধ কয়েকটি ক্লাব।

নির্বাচনে ৭১ কাউন্সিলরের মধ্যে এনএসসি মনোনীত পাঁচ এবং অন্যান্য সাত জনকে নিয়ে আপত্তি ওঠে। কাগজপত্র যাচাই-বাছাই ও শুনানির পর সাতটি কাউন্সিলর চূড়ান্ত করা হয়েছে।

শফিউল্লাহ অভিযোগ করে বলেন, “শুধু এনএসসি মনোনীত কাউন্সিলরই নয়, ঢাকা জেলা, মহিলা ক্রীড়া সংস্থা ও আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের কাউন্সিলর মনোনয়নেও পক্ষপাতিত্ব করা হয়েছে।”

এনএসসি’র কাউন্সিলর তালিকা পরিবর্তন করা না হলে মোহামেডান নেতৃত্বাধীন জোট নির্বাচন বয়কট করতে পারে বলে গুঞ্জন আছে। তবে সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে শফিউল্লাহ বলেন, “সাধারণ ভোটাররা আমার শক্তি। নির্বাচনের মাধ্যমেই এ অন্যায়ের জবাব দেয়া হবে।”

২৭ জুন অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে হকি অঙ্গন এখন দুই ভাগে বিভক্ত। এ নিয়ে দিন-দিন জটিলতা বেড়েই চলেছে।