২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের জয়, ইতালির ড্র

কনফেডারেশন্স কাপের ঠিক আগে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন জয় পেলেও ড্র করেছে গত ইউরোর রানার্স আপ ইতালি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jun 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

গত শনিবার হাইতিকে হারানো স্পেন আরেকটি প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে। তবে মঙ্গলবার রাতটা হতাশায় কেটেছে ইতালিয়ানদের। হাইতির বিপক্ষে ২-০ গোলে এগিয়েও ২-২ গোলে ড্র করেছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৮ ও ৮৮ মিনিটে স্পেনের গোল দুটো করেন দুই বদলি স্ট্রাইকার রবার্তো সলদাদো ও হুয়ান মাতা।

ব্রাজিলের রিও ডি জেনিরোর ভাস্কো দা গামা স্টেডিয়ামে মাত্র ১৯ সেকেন্ডে মিডফিল্ডার ইমানুয়েলে জিয়াচ্চেরিনি এগিয়ে দেন ইতালিকে। ৭২ মিনিটে ব্যবধান ২-০ করেন বদলি মিডফিল্ডার ক্লদিও মার্চিসিও।

কিন্তু ৮৫ মিনিটে ওলরিশ সরেলের পেনাল্টি এবং বাড়তি সময়ে স্ট্রাইকার জাঁ ফিলিপ্পে পেগুয়েরোর লক্ষ্যভেদ আনন্দে ভাসিয়ে দেয় আগের ছয় ম্যাচের সবগুলোতে হেরে যাওয়া হাইতিকে।

শনিবার থেকে ব্রাজিলে শুরু হতে যাওয়া কনফেডারেশন্স কাপের ‘এ’ গ্রুপে ইতালির সঙ্গী ব্রাজিল, জাপান ও মেক্সিকো। ‘বি’ গ্রুপে স্পেনের তিন প্রতিপক্ষ উরুগুয়ে, তাহিতি ও নাইজেরিয়া।