২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর চোখে শিরোপা-স্বপ্ন

এই মৌসুমে আবাহনী লিমিটেডের সাফল্যের খাতায় শুধুই শূন্যতা। দেশের অন্যতম জনপ্রিয় দলটি তাই মৌসুমের শেষ প্রতিযোগিতা সুপার কাপের শিরোপা জিততে মরিয়া।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার সুপার কাপ উপলক্ষ্যে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবাহনীর কোচ অমলেশ সেন বলেন, “আমাদের সময়টা ভালো কাটছে না। এবার তিনটি প্রতিযোগিতার একটিতেও শিরোপা জিততে পারিনি। সুপার কাপ আমাদের সামনে হতাশা দূর করার সুযোগ এনে দিয়েছে।”

“সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েই আমরা সব অতৃপ্তি ঘোচাতে চাই। সব কিছু ঠিক-ঠাক হলে আশা করি আমরা চ্যাম্পিয়ন হবো। প্রথম একাদশের ছয় ফুটবলারের চোট সমস্যার কারণে প্রিমিয়ার লিগে ভালো করতে পারিনি। এই সমস্যা এখন কেটে গেছে। আশা করি এবার আমরা ভালো করবো।”

আবাহনীর অধিনায়ক ওয়ালী ফয়সাল বলেন, “এ মৌসুমে চোট ছিল আমাদের প্রধান সমস্যা। সেজন্য আমরা ভালো খেলতে পারিনি। সুপার কাপ আমাদের সামনে শিরোপার স্বাদ পাওয়ার সুযোগ করে দিয়েছে। এ সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না।”

ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু বলেন, “আবাহনী আবাহনীর মতো খেলতে পারলে আমরাই শিরোপা জিতবো। আমাদের সেই সামর্থ্য রয়েছে। আশা করি ছেলেরা হতাশ করবে না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী।

মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, “আমি আশাবাদী, সুপার কাপে মুক্তিযোদ্ধাই শিরোপা জিতবে। কাগজে-কলমে আমরা ভালো দল না হলেও মাঠের খেলায় ভিন্ন কিছু প্রমাণ করতে চাই।”

“এই প্রতিযোগিতায় শুধু দেশের ফুটবলাররা অংশ নেবে বলে আমার বিশ্বাস, খেলোয়াড়রা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারলে শিরোপা আমাদের ঘরেই আসবে।”

মুক্তিযোদ্ধার অধিনায়ক জহিরুল ইসলাম বলেন, “মাঠের খেলা দিয়েই প্রমাণ করতে চাই যে আমরা দুর্বল নই। লিগে আমরা মাঠের লড়াইয়ে কখনোই পিছিয়ে ছিলাম না। তবে ভালো খেলেও গোলের দেখা পাইনি। তাই কাঙ্ক্ষিত সাফল্যও পাইনি।”