২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার টানা তৃতীয় ড্র

বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এটা টানা তৃতীয় ড্র। অন্যদিকে ঘরের মাঠে ৭ ম্যাচে এই প্রথম পয়েন্ট নষ্ট করলো ইকুয়েডর।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jun 2013, 04:59 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

চতুর্থ মিনিটেই সার্জিও অ্যাগুয়েরোর পেনাল্টি গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ১৩ মিনিট পর স্বাগতিকদের সমতায় ফেরান সেগুন্দো কাস্তিলো। পায়ের পেশির চোট কাটিয়ে একটু-একটু করে সুস্থ হয়ে ওঠা লিওনেল মেসি আগের ম্যাচের মতো এই ম্যাচেও মাঠে নামেন ৬০ মিনিটের সময়।

আবার ড্র করলেও ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে পেরুকে ২-০ গোলে হারিয়ে তাদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে কলম্বিয়া। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইকুয়েডর।

বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইকুয়েডরের ঠিক পেছনে থাকা চিলির ১৩ ম্যাচে ২১ পয়েন্ট। ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে উরুগুয়ে। দুই দলেরই ১৬ পয়েন্ট, তবে গোল গড়ে উরুগুয়ে এগিয়ে আছে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এক ম্যাচ কমও খেলেছে ভেনেজুয়েলানদের চেয়ে।

শেষ তিনটি স্থানে রয়েছে পেরু (১৪ পয়েন্ট), বলিভিয়া (১০) ও প্যারাগুয়ে (৮)।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৮০০ মিটার ওপরে থাকায় ইকুয়েডরের আতাহুয়ালপায় অতিথি দলগুলোকে বেশ সমস্যায় পড়তে হয়। তারপরও আর্জেন্টিনার শুরুটা ছিল দুর্দান্ত। শুরুতেই অ্যাঞ্জেল ডি মারিয়ার জোরালো শট কোনো রকমে বারের ওপর দিয়ে তুলে স্বাগতিকদের রক্ষা করেন গোলরক্ষক আলেকজান্দার দমিনগেজ।

তবে এরপরই দমিনগেজ আর্জেন্টিনার স্ট্রাইকার রদ্রিগো প্যালাসিওকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বেজে ওঠে। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি অ্যাগুয়েরো।

তবে ১৭ মিনিটে ফ্রিকিক থেকে কাস্তিলোর হেডে সমতা নিয়ে আসে ইকুয়েডর। এরপর অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তাই টানা তৃতীয় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।

তবে সেজন্য হতাশ নন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। খেলা শেষে তিনি বলেন, “এই ড্রগুলোই আমাদের কাজে লাগছে। আমরা চূড়ান্ত পর্বের খুব কাছাকাছি চলে এসেছি। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

“আমরা শুরুতেই গোল করেছি। গোলরক্ষক লাল কার্ড না দেখায় আমি বিস্মিত। এখানে খেলা ভীষণ কঠিন।”

গত মার্চে বলিভিয়ার লা পাজেও উচ্চতার কারণে সমস্যায় পড়তে হয়েছিল মেসিকে।

অ্যাগুয়েরোর বদলি হিসেবে মাঠে নামার পর প্রায় হাঁটা গতিতে খেলেছেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। বল পেলে অবশ্য স্বাভাবিক গতিতেই আক্রমণে উঠেছেন।

খেলার শেষ দিকে মেডিকেল কার্টের চালককে লাথি মেরে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।