২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের হতাশা ঘোচানোর ‘মিশন’

এ মৌসুমের প্রথম তিনটি প্রতিযোগিতার কোনোটিতেই সাফল্য পায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সেই হতাশা ভুলে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সুপার কাপ ফুটবলে ভালো করার স্বপ্ন দেখছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 07:27 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার এই প্রতিযোগিতা উপলক্ষ্যে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু বলেন, “মৌসুমের প্রথম তিনটি প্রতিযোগিতায় আমাদের পারফরম্যান্স মোহামেডানের নামের সঙ্গে একদমই খাপ খায়নি। সুপার কাপ আমাদের সামনে ভালো কিছু করার সুযোগ এনে দিয়েছে।”

“এই প্রতিযোগিতায় শুধু দেশের ফুটবলাররা খেলবে বলে লড়াইটা ভালোই জমার কথা। যে দলের সংগ্রহে ভালো ফুটবলার আছে তারাই ভালো করবে বলে আমার বিশ্বাস। আমাদের দলের যে সব বিদেশি ফুটবলার খেলেছিল স্থানীয়দের দিয়ে তাদের শূন্যস্থান পুরণ করা কঠিন হবে। তার পরও আমি চেষ্টা করবো তরুণদের কাছ থেকে ভালো খেলা বের করে আনার।”

মোহামেডানের অধিনায়ক মতিউর মুন্না বলেন, “শুধু দেশের ফুটবলাররা খেলছে বলে আমাদের পক্ষেও চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। আশা করি সব কিছু ঠিক-ঠাক হলে খারাপ কিছু হবে না।”

মোহামেডানের সহকারী ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, “তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া মোহামেডান বেশ ভারসাম্যপূর্ণ দল। কয়েক জন তরুণ, প্রতিভাবান ফুটবলারের কাছ থেকে ভালো কিছুর আশা করাই যায়। এই দলের পক্ষে শিরোপার লড়াই করা সম্ভব।”

সংবাদ সম্মেলনে থাকা আরেক দল বিজেএমসির লক্ষ্য ফাইনালে খেলা।

বিজেএমসির কোচ জাকারিয়া বাবু বলেন, “লিগের শেষ তিনটি ম্যাচে আমরা দুই জন করে বিদেশি ফুটবলার খেলিয়েছি। শেষ তিনটি ম্যাচের একটিতেও আমরা হারিনি। আর ঐ ম্যাচগুলোতে দেশের ফুটবলাররা খুবই ভালো খেলেছে। সেজন্যই আমি সুপার কাপের ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী।”

কোচের কথার প্রতিধ্বনি তুলে অধিনায়ক অমিত খান শুভ্র বলেন, “আমার দৃঢ় বিশ্বাস আমাদের দল ফাইনালে খেলবে। দলের শক্তি এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাসেই তা প্রতিফলিত।”