১৬ অগাস্ট থেকে নতুন ফুটবল-মৌসুম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি ১৬ অগাস্ট থেকে আগামী মৌসুম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। মৌসুম শেষ হবে আগামী বছরের ৩০ জুন।
মঙ্গলবার এক সভা শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, “দিন-তারিখ ঠিক হলেও কোনো প্রতিযোগিতার সূচী এখনো চূড়ান্ত হয়নি। আশা করি কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।”
সভায় দেশের ফুটবলারদের দলবদল ১৬ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বর এবং বিদেশি ফুটবলারদের দলবদল ১৬ অগাস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবারের মৌসুমের মতো আগামী মৌসুমেও ৭ জন বিদেশি ফুটবলারকে নিবন্ধন এবং চার জনকে খেলানো যাবে।
এবার নিষেধাজ্ঞা থাকলেও আগামী মৌসুমে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা খেলা চলার সময় মাঠে ঢুকতে পারবেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেডের অনুরোধে সাড়া দিয়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পেশাদার লিগ কমিটি।
তবে শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি বলেন, “বাফুফের কোনো কর্মকর্তা তার ক্লাবের হয়ে মাঠে থাকলে রেফারি প্রভাবিত হতে পারেন।”
