মরিনিয়ো এখন ‘হ্যাপি ওয়ান’!
নিজেকে ‘স্পেশাল ওয়ান’ কোচ হিসেবে ঘোষণা করেছিলেন বেশ কয়েক বছর আগে। এবার জোসে মরিনিয়ো জানালেন, দ্বিতীয় বারের মতো চেলসির কোচের দায়িত্ব নিয়ে তিনি এখন ‘হ্যাপি ওয়ান’।
সোমবার চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রায় ২৫০ জন সাংবাদিকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে মরিনিয়ো বলেন, “জীবনের এই অধ্যায়ের জন্য কোনো ডাক নাম বেছে নিতে হলে আমি ‘দ্য হ্যাপি ওয়ান’ নামটা পছন্দ করবো। এ মুহূর্তে আমি ভীষণ সুখী।”
“সময় দ্রুত বয়ে যায়। মনে হচ্ছে যেন মাত্র কয়েক দিন আগেই এখানে ছিলাম। কিন্তু আমি প্রথমবারের মতো চেলসির কোচ হয়েছিলাম ৯ বছর আগে।”
“আমি এখনো আগের মতো আছি। নিজেকে সুখী মানুষ হিসেবেই বিবেচনা করবো। এই প্রথম এমন একটা ক্লাবে এলাম যেখানে আমি ভালোবাসার বন্ধনে জড়িয়ে আছি।”
২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে চেলসিকে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপসহ ৬টি শিরোপা এনে দিয়েছিলেন মরিনিয়ো।
