২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বস্তিতে নেই শেখ জামাল

আগামী শুক্রবার থেকে সুপার কাপ শুরু হলেও এ মুহূর্তে তেমন স্বস্তিতে নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফুটবলারদের ফিটনেস সমস্যাই তার কারণ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সুপার কাপ উপলক্ষে সোমবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ জামালের নতুন কোচ খন্দকার ওয়াসিম ইকবাল বলেন, “অনেকেই ভেবেছিল এই টুর্নামেন্ট হবে না। তাই ফুটবলারদের ক্যাম্প থেকে ছেড়ে দেয়া হয়েছিল। আবার ক্যাম্প শুরু করার পর দেখা যাচ্ছে তাদের ফিটনেসের অবস্থা তেমন ভালো নয়। সময় কম পাওয়ায় আমাদের প্রস্তুতিও তেমন ভালো হয়নি।”

“তাই আমরা কেমন করবো সে সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। শেখ জামালের সব খেলোয়াড়ই ভালো। আশা করি টুর্নামেন্টে তারা খারাপ খেলবে না।”

আশির দশকের সাড়া জাগানো ফুটবলার ওয়াসিম আরো বলেন, “এই টুর্নামেন্টে শুধু দেশের ফুটবলাররা অংশ নেবে। তাছাড়া কোনো দলেরই প্রস্তুতি তেমন ভালো নয়। তাই আমরাও চ্যাম্পিয়ন হতে পারি, আবার অন্য কোনো দলও হতে পারে। তবে আমাদের দলের কয়েক জনের চোট সমস্যা আছে। আশা করি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তারা সুস্থ হয়ে উঠবে।”

শেখ জামালের অধিনায়ক হাসান আল মামুনের চোখে শিরোপার স্বপ্ন। এই অভিজ্ঞ ডিফেন্ডার বলেন, “বিদেশিদের অনুপস্থিতিতে দেশের ফুটবলারদের এই টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ। নতুন কোচের অধীনে আমরা নিজেদের উজাড় করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।”

“এই মৌসুমে প্রথম তিনটি প্রতিযোগিতায়ই আমরা রানার্স আপ হয়েছি। কিছু ভুল-ত্রুটির কারণে হয়তো শিরোপা জিততে পারিনি। আশা করি সে সব শুধরে সুপার কাপে আমরাই চ্যাম্পিয়ন হবো।”

সংবাদ সম্মেলনে ছিল ওয়াসিমের দীর্ঘ দিনের দল ব্রাদার্স ইউনিয়নও। গোপীবাগের ক্লাবটির লক্ষ্য সেমিফাইনাল।

এ প্রসঙ্গে ব্রাদার্সের ব্যবস্থাপক আমের খান বলেন, “কয়েক বছর ধরে ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের কোনো সাফল্য নেই। আশা করি আমরা অন্তত শেষ চারে উঠতে পারবো। শুধু দেশের ফুটবলাররা খেলবে বলে সুপার কাপে ভালো লড়াই হবে। তাদের জন্য নিজেদের প্রমাণ করার এটা ভালো সুযোগ।”