প্রীতি ম্যাচে স্পেনের জয়
কনফেডারেশন্স কাপের প্রস্তুতির শুরুটা ভালোই হলো স্পেনের। এক প্রীতি ম্যাচে হাইতিকে ২-১ গোলে হারিয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের মায়ামির সান লাইফ স্টেডিয়ামে ৯ ও ১৯ মিনিটে দুই মিডফিল্ডার সান্তি কাজোরলা ও সেস ফ্যাব্রেগাসের লক্ষ্যভেদে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর জয় নিয়ে ভাবতে হয়নি স্পেনকে।
দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজ বদলি হিসেবে মাঠে নামার পর তৃতীয় গোল পেতে পারতো স্প্যানিশরা। কিন্তু ৭০ মিনিটে স্ট্রাইকার রবার্তো সলদাদোর শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় তাদের।
এর ৬ মিনিট পর হাইতির লেফট ব্যাক উইলদে-ডোনাল্ড গেরিয়ার একটি গোল ফিরিয়ে দিলেও সমতা আর আসেনি।
আগামী ১৫ জুন থেকে ব্রাজিলে শুরু হতে যাওয়া কনফেডারেশন্স কাপের ‘বি’ গ্রুপে স্পেনের সঙ্গী উরুগুয়ে, তাহিতি ও নাইজেরিয়া। ‘এ’ গ্রুপে খেলবে ব্রাজিল, জাপান, ইতালি ও মেক্সিকো।
