২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালের ‘ইতিহাস’

ফাইনালে ডেভিড ফেরারকে ৬-৩, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে অষ্টম বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। ১৯৬৮ সালে টেনিসের উন্মুক্ত যুগ শুরু হওয়ার পর কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৮ বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব আর কারো নেই।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Jun 2013, 03:43 PM

Updated : 26 Jul 2022, 03:02 PM

উইম্বলডনে পিট স্যাম্প্রাস ও রজার ফেদেরার ৭ বার করে চ্যাম্পিয়ন হয়েছেন।

রোববার দুই স্প্যানিশের শিরোপার লড়াইয়ে তেমন প্রতিরোধের সামনে পড়তে হয়নি নাদালকে। তবে দ্বিতীয় সেটের ষষ্ঠ গেম শুরু হওয়ার ঠিক আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা থমকে দিয়েছিল ‘ক্লে কোর্টের রাজা’কে।

সাদা মুখোশ পরে, খালি গায়ে, হাতে লাল ‘অগ্নিশিখা’ নিয়ে কোর্টে ঢুকে পড়েন এক ব্যক্তি। বুকে লেখা ‘কিডস রাইট’ বা শিশুদের অধিকার। শিখাটা ঘুরিয়ে-ঘুরিয়ে, নাদালের ঠিক সামনে দিয়ে কোর্টের চারদিকে দৌড়াতে শুরু করেন তিনি। একটু পর তার সঙ্গে যোগ দেন আরেক জন খালি গায়ের মানুষ।

রোলাঁ গারোর ফিলিপ্পে শাত্রিয়ার কোর্টে তখন সবাই হতবিহ্বল। বেশিক্ষণ অবশ্য এই অস্বস্তিকর অবস্থা চলেনি। একটু পর নিরাপত্তারক্ষীরা এসে বাইরে নিয়ে যান তাদের।

তবে ঘটনাটা নাদালের র‌্যাকেটকে দমাতে পারেনি। দুই ঘণ্টা ১৬ মিনিটে দীর্ঘ দিনের বন্ধুকে হারিয়ে তিনি ঢুকে পড়েন ইতিহাসের পাতায়। ফ্রেঞ্চ ওপেনে এটা নাদালের ৬০ ম্যাচে ৫৯তম জয়।

মাটির কোর্টের একমাত্র গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে অবিশ্বাস্য সাফল্যের মতো নাদালের হাতে ট্রফি তুলে দেয়া ব্যক্তিও কম চমকপ্রদ ছিলেন না।

বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের হাত থেকে ট্রফি নিয়ে ফ্রেঞ্চ ওপেনের প্রায় সমার্থক হয়ে পড়া নাদাল বলেন, “এখানে আটটি শিরোপা জয়ের কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি।”

টুর্নামেন্টের সেমিফাইনাল পর‌্যন্ত একটিও সেট হারেননি ফেরার। অথচ ফাইনালে পাত্তাই পাননি। খেলা শেষে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে তিনি বলেন, “গত দুই সপ্তাহ আমি খুবই ভালো খেলেছি। তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে তারই (নাদালের) সব কিছু প্রাপ্য। সে-ই শ্রেষ্ঠ।”