২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের সামনে নাদাল

ফ্রেঞ্চ ওপেনের সঙ্গে তার নাম প্রায় সমার্থক এখন। রোববার দুই স্প্যানিশের ফাইনালে ডেভিড ফেরারকে হারাতে পারলে ইতিহাস গড়বেন রোলাঁ গারোতে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Jun 2013, 02:56 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টগুলোতে পুরুষ এককে সর্বোচ্চ শিরোপা জয় ৭টি। ফ্রেঞ্চ ওপেনে নাদালের মতো উইম্বলডনে ৭ বার চ্যাম্পিয়ন হয়েছেন মার্কিন-কিংবদন্তি পিট স্যাম্প্রাস ও সুইস তারকা রজার ফেদেরার। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম নিয়ে ফেদেরার টেনিস-ইতিহাসেরই সফলতম খেলোয়াড়।

রোববার তাই ‘ক্লে কোর্টের রাজা’ নামে পরিচিত নাদালের সামনে ইতিহাস গড়ার হাতছানি। জিতলেই স্যাম্প্রাস-ফেদেরারকে ছাড়িয়ে তিনি উঠে যাবেন অন্য উচ্চতায়।

ফ্রেঞ্চ ওপেনে অবিশ্বাস্য সাফল্যই ফাইনালে নাদালকে এগিয়ে রাখছে। লাল মাটির কোর্টের একমাত্র গ্র্যান্ড স্লামে তিনি ৫৯ ম্যাচ খেলে ৫৮টিতেই জিতেছেন। হেরেছেন মাত্র একবার, ২০০৯ সালে চতুর্থ রাউন্ডে সুইডেনের রবিন সোডারলিংয়ের কাছে।

সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচকে পাঁচ সেটের ‘ম্যারাথন’ লড়াইয়ে হারানো নাদাল গত ফেব্রুয়ারিতে দীর্ঘ ৭ মাসের হাঁটুর চোট কাটিয়ে কোর্টে ফেরার পর থেকেই দারুণ ছন্দে আছেন। প্যারিসে তিনি এসেছেন ছয়টি শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে।

তবে আত্মবিশ্বাস থাকলেও দীর্ঘ দিনের বন্ধু ফেরারের বিপক্ষে বিন্দুমাত্র আত্মপ্রসাদে ভুগছেন না নাদাল। এবারের ফ্রেঞ্চ ওপেনে ফেরারের দারুণ পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “পুরো টুর্নামেন্টে সে একটিও সেট হারেনি। তার মতো খেলোয়াড় যে কারো চূড়ান্ত পরীক্ষা নিতে সক্ষম।”

“তার মতো খেলোয়াড়ের বিপক্ষে ভালো খেলতে না পারলে আপনাকে বিশাল সমস্যায় পড়তে হবে।”