২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনার হোঁচট

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা লিওনেল মেসিও স্বাগতিক আর্জেন্টিনাকে জয় এনে দিতে পারেননি। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Jun 2013, 06:40 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে উত্তেজনায় ভরা ম্যাচটির ২৬ মিনিটে দুই দলই দশ জনের দলে পরিণত হয়। একে অন্যকে লাথি মেরে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন ও কলম্বিয়ার ডিফেন্ডার ক্রিস্তিয়ান জাপাতা।

তার ৬ মিনিট আগে জ্যাকসন মার্তিনেজ আর্জেন্টিনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। সার্জিও অ্যাগুয়েরোর দুটো ‘গোল’ও বাতিল করে দেয় অফসাইড। আর্জেন্টিনার বহু আক্রমণের মাঝে কলম্বিয়াকে একটি মূল্যবান পয়েন্ট এনে দেয়ার কৃতিত্ব ডেভিড ওস্পিনার। অন্তত তিনটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন অতিথিদের গোলরক্ষক।

শুক্রবারের অন্য তিন ম্যাচে চিলি ২-১ গোলে প্যারাগুয়েকে ও পেরু ১-০ গোলে ইকুয়েডরকে হারিয়েছে এবং বলিভিয়া ১-১ গোলে ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে।

হোঁচট খেলেও ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। একটি করে ম্যাচ কম খেলা কলম্বিয়া ও ইকুয়েডরের সংগ্রহ ২০ পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় কলম্বিয়ার অবস্থান দ্বিতীয়।

১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চিলি চতুর্থ ও সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা পঞ্চম স্থানে। ষষ্ঠ পেরু (১১ ম্যাচে ১৪ পয়েন্ট), সপ্তম উরুগুয়ে (১১ ম্যাচে ১৩), অষ্টম বলিভিয়া (১২ ম্যাচে ১০) এবং সবচেয়ে নিচে আছে প্যারাগুয়ে (১২ ম্যাচে ৮)।

খেলা শেষে আর্জেন্টিনার ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া বলেন, “লাল কার্ড দুটো পরিস্থিতি জটিল করে তুলেছিল। আমি মনে করি তাদের বের করে দেয়া ঠিক হয়নি। আমরা ড্র নয়, জিততে চেয়েছি। কিন্তু (হিগুয়াইন) বেরিয়ে যাওয়ার পর) আমাদের মাত্র একজন স্ট্রাইকার ছিল।”

পায়ের পেশির চোটের কারণে ইউরোপের ক্লাব ফুটবলের সদ্য সমাপ্ত মৌসুমের শেষ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি মেসি। শুক্রবার ৫৭ মিনিটে মাঠে নামা টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, “আমি এখনো পুরোপুরি সুস্থ নই। আজ আমি কিছুক্ষণ খেলতে পারলেও জানি না, আমার পা কীভাবে সাড়া দেবে। আজকের ম্যাচে সেরা খেলোয়াড় ছিল ওস্পিনা।”