সেরেনা-শারাপোভার শিরোপার লড়াই
ফ্রেঞ্চ ওপেনে মহিলা এককের ফাইনালে শনিবার মুখোমুখি হবেন সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা।
শারাপোভা প্রতিযোগিতার গতবারের চ্যাম্পিয়ন। অন্যদিকে ১৫টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেও রোলাঁ গারোতে সেরেনার একমাত্র শিরোপা বহু দিন আগে, ২০০২ সালে।
তবে মুখোমুখি লড়াইয়ে রুশ শারাপোভার চেয়ে অনেক-অনেক এগিয়ে মার্কিনি সেরেনা। আগের ১৫টি লড়াইয়ের ১৩টিতেই জিতেছেন গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বয়সে মহিলাদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। গত মাসে দুজনের মাদ্রিদ ওপেনের ফাইনালের ফলাফল ছিল ৬-১, ৬-৪।
সেরেনাকে শারাপোভা সর্বশেষ হারিয়েছিলেন প্রায় ৯ বছর আগে। তখন তার বয়স ছিল মাত্র ১৭।
তবে এবার জিততে দৃঢ় প্রতিজ্ঞ শারাপোভা। তিনি বলেন, “যদি বলি যে (সেরেনার বিপক্ষে বাজে পারফরম্যান্স) আমাকে পীড়া দেয় না তাহলে মিথ্যা বলা হবে। তবে এবার আমি হিসেবটা পাল্টে দিতে চাই।”
কাজটা অবশ্য ভীষণ কঠিন। ৩১ বছর বয়সে টেনিস-জীবনের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন সেরেনা। টানা চারটি টুর্নামেন্ট জিতে প্যারিসে পা রেখেছেন, সেমিফাইনালে গতবারের রানার আপ ইতালির সারা এরানিকে মাত্র ৪৬ মিনিটে উড়িয়ে দিয়েছেন ৬-০, ৬-১ গেমে।
তবে নিজের পারফরম্যান্স নিয়ে একদমই আত্মপ্রসাদে ভুগছেন না সেরেনা। তিনি বলেন, “এখানে (ফ্রেঞ্চ ওপেনে) মারিয়ার (শারাপোভা) বিপক্ষে কখনো খেলিনি। এত দূর আসতে পেরে আমরা দুজনে সত্যিই রোমাঞ্চিত।”
