২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচকে হারিয়ে ফাইনালে নাদাল

রাফায়েল নাদালের সামনে এখন ফ্রেঞ্চ ওপেনে অষ্টম শিরোপার হাতছানি। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে তিনি হারিয়েছেন ৬-৪, ৩-৬, ৬-১, ৬-৭ (৩/৭), ৯-৭ গেমে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Jun 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

ফলাফলেই পরিষ্কার, র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জোকোভিচের সঙ্গে প্রতিযোগিতার রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন নাদালের লড়াইটা কী ‘মহাকাব্যিক’ হয়েছে! চার ঘণ্টা ৩৭ মিনিট ধরে চলা ‘ম্যারাথন’ ম্যাচটির প্রতি পরতে-পরতে ছড়িয়ে ছিল উত্তেজনা-রোমাঞ্চ-নাটকীয়তা।

চতুর্থ সেটে ফাইনাল থেকে মাত্র দুই পয়েন্ট দূরত্বে দাঁড়িয়েছিলেন নাদাল। কিন্তু এরপরই ঘুরে দাঁড়িয়ে সেটটা টাইব্রেকারে নিয়ে জিতেও নেন উন্মুক্ত যুগে একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ।

পঞ্চম ও ফলাফল নির্ধারণী সেটে ৪-২ গেমে এগিয়েও যান সার্ব-তারকা। কিন্তু তার পরই নাদালের দুর্দান্ত প্রত্যাবর্তন। তবে সহজে জিততে পারেননি স্প্যানিশ-তারকা। ৯-৭ গেমের তীব্র লড়াই শেষে রোলাঁ গারোতে অষ্টম ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠেন তৃতীয় বাছাই নাদাল।

অবিশ্বাস্য হলেও সত্যি, ফ্রেঞ্চ ওপেনে এটা তার ৫৮তম জয়। হেরেছেন মাত্র একবার, ২০০৯ সালে চতুর্থ রাউন্ডে সুইডেনের রবিন সোডারলিংয়ের কাছে।

ফাইনালে নাদালের প্রতিপক্ষ স্বদেশের ডেভিড ফেরার। অন্য সেমিফাইনালে চতুর্থ বাছাই ফেরার ৬-১, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে ষষ্ঠ বাছাই ফ্রান্সের জো-উইলফ্রিড সঙ্গাকে হারিয়েছেন।