২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোল্টের হার দিয়ে ফেরা

চোট কাটিয়ে প্রায় এক মাস পর ট্র্যাকে ফেরা সুখকর হলো না উসাইন বোল্টের। রোমের ডায়মন্ড লিগে ১০০ মিটার দৌড়ের শিরোপা জিততে ব্যর্থ বিশ্বের দ্রুততম মানব।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Jun 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। দ্বিতীয় হওয়া বোল্টের টাইমিং তার চেয়ে ০.০১ সেকেন্ড বেশি।

১০০ মিটারে বোল্ট সর্বশেষ হেরেছিলেন গত বছর অলিম্পিকের ঠিক আগে স্বদেশের জ্যামাইকান চ্যাম্পিয়নশিপে, ইয়োহান ব্লেকের কাছে। তবে অলিম্পিকে ব্লেককে হারিয়ে সোনা জিতে প্রতিশোধও নিয়েছিলেন ঠিকই।

বৃহস্পতিবার শুরুটা অবশ্য ভালোই হয়েছিল অলিম্পিকে ছয়টি সোনাজয়ী বোল্টের। কিন্ত মাঝপথে খেই হারিয়ে ফেলেন তিনি। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি মাদক গ্রহণের দায়ে চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১০ সালে ট্র্যাকে ফেরা গ্যাটলিন।

ভালো সূচনার পরও হেরে গিয়ে স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ ২৬ বছর বয়সী বোল্ট। তিনি বলেন, “খুবই বাজে ব্যাপার। নিখুঁত শুরুর পরও আমি সব কিছু গুলিয়ে ফেলেছি। শেষ দিকে মনে হচ্ছিল আমার জায়গায় অন্য কেউ যেন দৌড়াচ্ছে!”

তবে ব্যর্থতার মাঝেও সান্ত্বনা খুঁজে পাচ্ছেন গতি-সম্রাট। এ বছর এর আগে মাত্র একবারই ১০০ মিটারে অংশ নিয়েছিলেন বোল্ট। কেম্যান আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় জিতেছিলেন ‘ফটো ফিনিশ’-এ, ১০.০৯ সেকেন্ড সময় নিয়ে।

রোমে ১০ সেকেন্ডের কম সময় নেয়ার সন্তুষ্টি নিয়ে বোল্ট বলেন, “আমি ১০ সেকেন্ডের কম সময়ে দৌড় শেষ করতে পেরেছি। আমার জন্য এটা মাত্র মৌসুমের সূচনা। (মস্কোর) বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভালো ভাবে প্রস্তুতি নেয়াই বেশি গুরুত্বপূর্ণ। মৌসুম তো মাত্রই শুরু হলো।” রাশিয়ার রাজধানী মস্কোতে বিশ্ব অ্যাথলেটিক্স হবে অগাস্টে। বৃহস্পতিবার বোল্টের মতো ভক্তদের হতাশ করেছেন লন্ডন অলিম্পিকে মেয়েদের ২০০ মিটারে সোনা জয়ী যুক্তরাজ্যের অ্যালিসন ফেলিক্সও। এই ইভেন্টে ২২.৩৬ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়ে জিতেছেন আইভরি কোস্টের মুরিয়েল্লে আহুরে। দ্বিতীয় ফেলিক্সের টাইমিং ২২.৬৪ সেকেন্ড।