বাজেটে ক্রীড়া খাতে বরাদ্দ বৃদ্ধি
২০১৩-১৪ অর্থবছরের বাজেটে যুব ও ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ছে। এবার এই খাতে ২৬৩ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে।
২০১২-২০১৩ অর্থবছরের চেয়ে এই বরাদ্দ ২৩ কোটি ১০ লাখ টাকা বেশি। অবশ্য যুব খাতেই বরাদ্দ বেশি।
ক্রীড়া খাতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জন্য সরকারি বরাদ্দ মাত্র ২০ কোটি টাকা। এনএসসির অধীনে বিভিন্ন প্রকল্পের জন্য আলাদা বরাদ্দ থাকে প্রতি বাজেটে। এবার সেই অঙ্ক ৫৮ কোটি ৫০ লাখ টাকা। প্রস্তাবিত প্রকল্পের বাইরে গুচ্ছ বরাদ্দ হিসেবে ২০ কোটি টাকা রাখা হয়েছে।
এনএসসির প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে চলমান হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে গোপালগঞ্জে মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সুইমিংপুল ও জিমন্যাসিয়াম নির্মাণ, শেখ কামাল স্টেডিয়ামের উন্নয়ন ও পুরনো জেলা স্টেডিয়ামের সংস্কার। এজন্য ৫ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে।
এছাড়া চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, ময়মনসিংহ, নাটোর, টাঙ্গাইল ও ফরিদপুরে জেলা স্টেডিয়াম এবং খুলনা ও রাজশাহীতে দুটি মহিলা ক্রীড়া কমপ্লেক্স উন্নয়ন প্রকল্পে ১৮ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ থাকছে।
টঙ্গীতে স্টেডিয়াম নির্মাণে ৫ কোটি ৭০ লাখ টাকা, সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য ২০ কোটি টাকা, পাবনা জেলা স্টেডিয়াম সংস্কার ও উন্নয়নে ৯ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে।
বিকেএসপির জন্য প্রস্তাবিত ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, তৃণমুল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণ প্রকল্প খাতে ৫৩ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে।
