উসাইন বোল্টের প্রত্যাবর্তন
পায়ের পেশির চোট কাটিয়ে ট্র্যাকে ফিরছেন বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকার উসাইন বোল্ট। বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে ডায়মন্ড লিগের ১০০ মিটার দৌড়ে অংশ নেবেন তিনি।
টানা দুটো অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনা জয়ী বোল্ট রোমেও গত দুইবারের চ্যাম্পিয়ন। এবার তার প্রতিপক্ষ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন।
এ বছর মাত্র একবার ১০০ মিটারে অংশ নিয়েছেন বোল্ট। কেম্যান আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় তিনি জিতেছিলেন ‘ফটো ফিনিশ’-এ, ১০.০৯ সেকেন্ড সময় নিয়ে।
তবে রোমে ভালো করার ব্যাপারে আশাবাদী অলিম্পিকে ছয়টি সোনা বিজয়ী। তিনি বলেন, “(কেম্যানে) আমার পারফরম্যান্স খারাপ ছিল। তবে সমস্যার কারণ খুঁজে বের করে তার সমাধান করা হয়েছে। আমি এখন আত্মবিশ্বাসী।”
“সামনে একটা দীর্ঘ মৌসুম অপেক্ষা করছে। গত মৌসুমেও আমার শুরুটা খারাপ হয়েছিল। আমাকে তাই শুধু কঠোর পরিশ্রম করে যেতে হবে।”
