মরিনিয়োর কণ্ঠে রোনালদোর ‘সমালোচনা’
রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় তিনি ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু রিয়াল ছেড়ে চেলসিতে যোগ দেয়ার সঙ্গে-সঙ্গে পর্তুগিজ তারকা সম্পর্কে একটা সমস্যার কথা জানালেন জোসে মরিনিয়ো।
চার বছরের চুক্তিতে দ্বিতীয় বারের মতো চেলসির কোচের দায়িত্ব নেয়া মরিনিয়ো স্পেনের একটি টেলিভিশনকে বলেন, “তার (রোনালদো) সঙ্গে আমার একটা সাধারণ সমস্যা ছিল। তবে সাধারণ হলেও সমস্যাটা ছিল মৌলিক।”
“প্রত্যেক কোচই একজন খেলোয়াড়ের উন্নতির জন্য তার কৌশলগত দিক দিয়ে সমালোচনা করে থাকেন। আমার মতে এর ফলে ঐ খেলোয়াড়ের খেলায় উন্নতি হয়।”
“কিন্তু আমার মতামত সে (রোনালদো) সহজভাবে নিতে পারতো না। হয়তো সে মনে করতো সে সব কিছুই জানে এবং কোচ তার উন্নতিতে কোনো সাহায্য করতে পারবেন না।”
অবশ্য রোনালদোর সঙ্গে জড়িয়ে থাকা অনেক সুখস্মৃতিও মরিনিয়োকে আবেগাক্রান্ত করে তোলে। এ প্রসঙ্গে স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কোচ বলেন, “ক্রিস্টিয়ানোর সঙ্গে আমার তিনটি দুর্দান্ত মৌসুম কেটেছে। জানি না সেটা তার ফুটবল-জীবনের সেরা সময় কিনা। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডেও সে দারুণ সময় কাটিয়েছিল।”
২০০৯ সালে প্রায় ৯ কোটি ইউরোর রেকর্ড ট্রান্সফার ফি’তে ম্যান ইউ থেকে রিয়ালে যোগ দেয়ার পর মরিনিয়োর অধীনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন রোনালদো। রিয়ালের জার্সি গায়ে ১৯৯ ম্যাচে তার গোল-সংখ্যা ২০১টি।
স্পেনের সফলতম ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখনই রোনালদোর অবস্থান ষষ্ঠ।
