এবার হকি কর্মকর্তাদের আন্দোলন
হকি খেলোয়াড়দের পর এবার ছয়টি ক্লাবের কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পাঁচ জন কাউন্সিলর শুধু আবাহনী লিমিটেডকে দেয়ার প্রতিবাদে তাদের এই আন্দোলন।
বুধবার ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, ২৪ ঘন্টার মধ্যে এই পাঁচ কাউন্সিলরের নাম পরিবর্তন করা না হলে হকির সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন।
সংবাদ সম্মেলনে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, ওয়ারী ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব এবং বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও আজাদ স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি শামসুল বারী অসুস্থতার কারণে থাকতে পারেননি।
মোহামেডানের সাজেদ এ আদেল বলেন, “সব ক্লাব মিলিয়ে এই পাঁচ কাউন্সিলর নির্বাচন করা উচিৎ ছিল। সাধারণত হকি ফেডারেশনের সভাপতির সুপারিশে কাউন্সিলর তালিকা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে পাঠানো হয়। আমরা অবশ্য জানি না সভাপতি এই কাজ করেছেন কিনা। তবে করে থাকলেও একদমই ঠিক করেননি।”
ফেডারেশনের সুপারিশে জাতীয় ক্রীড়া পরিষদ আব্দুস সাদেক, জুম্মন লুসাই, মাহবুব হারুন, মামুনুর রশিদ এবং জাকি আহমেদ রিপনকে কাউন্সিলর করেছে। তারা সবাই আবাহনীর সাবেক খেলোয়াড় ও বর্তমান কর্মকর্তা।
