২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাথলেটিক্সে উজ্জ্বল-আয়েশার কৃতিত্ব

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে দ্রুততম মানব কিশোরগঞ্জ জেলার উজ্জ্বল চন্দ্র সূত্রধর এবং দ্রুততম মানবী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আয়েশা সিদ্দিকা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

রোববার প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে ১১.১২ সেকেন্ড সময় নিয়ে সবাইকে পেছনে ফেলা উজ্জ্বল কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। তিনি বলেন, “এর আগে কলেজ, জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য পেলেও জাতীয় পর্যায়ে এটাই আমার প্রথম সাফল্য। আমি ভবিষ্যতে বাংলাদেশের সেরা অ্যাথলেট হতে চাই, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাই।”

১২.৬০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হওয়া বিকেএসপির দশম শ্রেণীর ছাত্রী আয়েশা বলেন, “ক্যারিয়ারের শুরুর দিকে চুমকি আপু (শামসুন্নাহার চুমকি) থাকলেও এখন বিউটি আপু (নাজমুন্নাহার বিউটি) আমার আদর্শ। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তাদের মতো সাফল্য পেতে চাই।”

রোববার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম দিনে বিকেএসপির প্রাধান্য ছিল। তারা আটটি এবং কিশোরগঞ্জ দুটি সোনা জিতেছে। একটি করে সোনা খুলনা, নড়াইল, নোয়াখালী, ঢাকা ও গাইবান্ধা জেলার।