বার্সেলোনার আরেকটি অর্জন
শিরোপা জয়ের লক্ষ্য পূরণ হয়েছে অনেক আগে। শনিবার স্প্যানিশ লা লিগার শেষ দিনে মালাগাকে ৪-১ গোলে হারিয়ে এক মৌসুমে ১০০ পয়েন্ট সংগ্রহের রেকর্ডও স্পর্শ করেছে বার্সেলোনা।
গত মৌসুমে প্রথম বারের মতো পয়েন্টের ‘শতক’ করা রিয়াল মাদ্রিদও জিতেছে। ওসাসুনাকে ৪-২ গোলে হারিয়ে কোচ জোসে মরিনিয়োকে বিদায়ী উপহার দিয়েছে তারা।
ঘরের মাঠ নিউ ক্যাম্পে কিক অফের ১৬ মিনিটের মধ্যে ডেভিড ভিয়া, সেস ফ্যাব্রেগাস ও মার্তিন মন্তোয়ার গোল ১০০ পয়েন্ট প্রাপ্তি প্রায় নিশ্চিত করে দেয় বার্সার। ৫২ মিনিটে ব্যবধান ৪-০ করেন আন্দ্রেস ইনিয়েস্তা।
চার মিনিট পর অতিথিদের সান্ত্বনাসূচক গোলদাতা পেদ্রো মোরালেস।
স্বাগতিকের সুবিধা নিয়ে নামা রিয়ালও ৩৫ ও ৩৮ মিনিটে গঞ্জালো হিগুয়াইন ও মাইকেল এসিয়েনের লক্ষ্যভেদে ২-০ গোলে এগিয়ে সহজ জয়ের স্বপ্ন দেখছিল।
কিন্তু ৫২ ও ৬৩ মিনিটে রবার্তো তরেস ও আলভারোর গোল সমতা নিয়ে আসে খেলায়।
তবে সান্তিয়াগো বার্নাবাউয়ে রিয়ালকে জয়বঞ্চিত করতে পারেনি ওসাসুনা। ৬৯ ও ৮৭ মিনিটে করিম বেনজেমা ও হোসে ক্যালেয়নের গোল তিন পয়েন্ট এনে দেয় স্বাগতিকদের। রানার্স আপ রিয়াল মাদ্রিদের সংগ্রহ তাই ৮৫ পয়েন্ট।
