২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ অস্বীকার করলেন পাইলটও

খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ রফিকের পর খালেদ মাসুদ পাইলটও মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কোনো বাজিকরের পরিচয় করিয়ে দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 01:48 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

সেই সঙ্গে ম্যাচ পাতানো নিয়ে সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সুজন, রফিক ও পাইলটের বিরুদ্ধে ২০০৪ সালে ভারতীয় বাজিকর জাভেদের সঙ্গে আশরাফুলকে পরিচয় করিয়ে দেয়ার অভিযোগ করা হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ প্রত্যাখ্যান করে পাইলট বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আশরাফুলের উচিৎ দ্রুত বোর্ডের শরণাপন্ন হওয়া। আমার মনে হয় সে একটা চক্রের ফাঁদে পড়েছে, আর সেখান থেকে বের হতে পারছে না।” জেনে-শুনে কখনোই কোনো ক্রিকেটারকে কোনো বাজিকরের সঙ্গে পরিচয় করিয়ে দেননি জানিয়ে পাইলট বলেন, “এক জনের সঙ্গে আরেক জনের পরিচয় তো করিয়ে দিতেই পারি। কিন্তু সে যে বাজিকর সেটা আমি কি করে জানবো। কারো গায়ে তো লেখা থাকে না যে সে বাজিকর।” সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান আরো বলেন, “পরিচয় করিয়ে দেয়ার জন্য আমাকে দায়ী করা ঠিক হবে না। আমি যদি তাকে বলতাম যে, ‘এই ব্যক্তি একজন বাজিকর, তুমি এর সঙ্গে এই কাজটা করো,’ সেটা অপরাধ হতো। পরিচয় করিয়ে দেয়ার পর কাউকে বাজিকর মনে হলে আশরাফুলের উচিৎ ছিল সেটা সঙ্গে-সঙ্গে বোর্ডকে জানানো।” শুধু বাজিকরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার অভিযোগ নয়, বাংলাদেশের শততম ওয়ানডেতে আশরাফুলের করা অভিযোগ নিয়েও আপত্তি জানিয়েছেন পাইলট। তিনি বলেন, “আশরাফুল নাকি প্রথম ১৫ ওভারে কমপক্ষে ৬০ রান করার নিশ্চয়তা দিয়েছিল। সেই সময়ের ভারতীয় বোলিংয়ের বিপক্ষে আমাদের কোনো ব্যাটসম্যান কি এই নিশ্চয়তা দিয়ে মাঠে নামতে পারত? এটা তো বোলারদের দিক থেকে হতে হবে।” “যদি ব্যাটিং দলের দিক থেকেও হয়ে থাকে সেখানেও কথা থেকে যায়। চার নম্বরে ব্যাট করে আশরাফুল এই নিশ্চয়তা দেবে কি করে? তার একার পক্ষে তো এই দায়িত্ব নেয়া সম্ভব না। বরং টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকেও তাকে রাজি করাতে হতো।” ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারতের বিপক্ষে সেই ম্যাচে আশরাফুলের আগে নাফীস ইকবাল, মোহাম্মদ রফিক ও অধিনায়ক হাবিবুল বাশার ব্যাট করতে নেমেছিলেন। পাইলট বলেন, “আমি বিশ্বাস করি আকসুর (আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট) কাছে আশরাফুল আমাকে নিয়ে কিছু বলেনি। বিসিবির উচিৎ এ ব্যাপারে তদন্ত করে একটা সমাধানে পৌঁছানো। মানুষ আমাদের ভুল বুঝছে, তাই দ্রুত সব কিছুর সমাধান হওয়া জরুরি।” তবে ক্ষুব্ধ হলেও এখনই মানহানির মামলা করার পরিকল্পনা নেই পাইলটের। সুজন ও রফিকের সঙ্গে আলোচনা করে বিবৃতির মাধ্যমে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন তিনি।