২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ক্রুইফকে সুপার কাপ দেখার আমন্ত্রণ

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সাফ ফুটবলের প্রস্তুতি। তাই জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের জুলাইয়ে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জুনের মাঝামাঝি দুজনকে নিয়ে আসতে আগ্রহী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

১৪ জুন থেকে শুরু হতে যাওয়া সুপার কাপে কোনো বিদেশি ফুটবলার অংশ নিতে পারবেন না। শুধু স্থানীয় ফুটবলাররা অংশ নেয়ায় সেপ্টেম্বরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সাফ ফুটবলের জন্য দল গড়তে বাড়তি সুবিধা পেতে পারেন ডি ক্রুইফ। তাই সহকারীসহ তাকে সুপার কাপের খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। দুজনের কেউই অবশ্য এখনো সাড়া দেননি।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “জুনে ঢাকায় আসতে রাজি হলে আমরা তাদের বিমান-টিকেট পাঠিয়ে দেবো। আমরা চাই তারা এসে খেলা দেখুক। তাহলে দল গড়তে সুবিধা হবে।” ডি ক্রুইফ বাফুফের আমন্ত্রণে সাড়া দিলে জুনের শেষ সপ্তাহ থেকেই সাফ ফুটবলের প্রস্তুতি শুরু হয়ে যেতে পারে। জাতীয় দল কমিটি এ ব্যাপারে চিন্তা-ভাবনা করছে। ডি ক্রুইফ ও কোস্টারের এ মাসেই ঢাকায় আসার কথা ছিল। কিন্তু বাংলাদেশ দলের ইংল্যান্ড সফর স্থগিত হয়ে যাওয়ায় তারা আর আসেননি। ইংল্যান্ডে ১ জুন পাকিস্তান ও ৮ জুন ভারতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।