হকি খেলোয়াড়দের এক দফার আন্দোলন
আন্দোলনরত হকি খেলোয়াড়দের এখন একটাই দাবি, বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর অপসারণ।
খেলোয়াড়রা জানিয়ে দিয়েছেন, রহমতউল্লাহ দায়িত্বে থাকা অবস্থায় তারা কোনো প্রতিযোগিতায় অংশ নেবেন না। এমনকি তিনি ফেডারেশনের আসন্ন নির্বাচনে বিজয়ী হলেও দাবি থেকে সরে আসবেন না তারা। তাদের মতে, রহমতউল্লাহ সাধারণ সম্পাদক পদে থাকার যোগ্য নন।
হকির চলমান সঙ্কটের জন্য খেলোয়াড়রা তাকেই দায়ী করে ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।
এ প্রসঙ্গে জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি বলেন, “হকি ফেডারেশনের কোনো-কোনো কর্মকর্তা বলছেন, নির্বাচনে আমরা নাকি একটি ক্লাবের পক্ষ হয়ে কাজ করছি। আর তাই আমাদের এই আন্দোলন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচন নিয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। কারো পক্ষ হয়ে কাজ করার তো প্রশ্নই ওঠে না। সাধারণ সম্পাদক আমাদের কথা শুনছেন না বলে আমরা সভাপতির সঙ্গে আলোচনায় বসতে চাই।”
জিমি আরো বলেন, “আমরা আশা করেছিলাম একজন সাবেক খেলোয়াড় হিসাবে তিনি (রহমতউল্লাহ) আমাদের স্বার্থ দেখবেন। কিন্তু তিনি আমাদের কোনো কথাই শুনছেন না। আমরা তিনটি দাবি নিয়ে তার সঙ্গে আলোচনায় বসেছিলাম। কিন্তু তিনি আমাদের সব দাবি নাকচ করে দিয়েছেন।”
গত সোমবার ঘোষিত তারিখে অর্থাৎ ২ থেকে ৪ জুলাই দলবদল হওয়ার লিখিত নিশ্চয়তা, কোনো ক্লাবের শুধু বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে দল গড়ার ওপরে নিষেধাজ্ঞা এবং বিদেশি খেলোয়াড়ের কোটা বৃদ্ধি না করার দাবি নিয়ে রহমতউল্লার সঙ্গে বৈঠক করেন খেলোয়াড়রা।
